
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের একটি সড়কের পিচ ঢালাইয়ের কাজ তিন বছরেও শেষ হয়নি। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির কারণে তিন মাসের এ প্রকল্প এখনো শেষ হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উজিরপুর কার্যালয় থেকে জানা যায়, ২০১১-২০১২ অর্থবছরের অক্টোবর মাসে এ সড়কে পিচ ঢালাইয়ের একটি প্রকল্প নেওয়া হয়। এর ব্যয় ধরা হয় ৬৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে ২০১১ সালের নভেম্বর মাসে দরপত্র আহ্বান করা হয়। ২০১২ সালের জানুয়ারি মাসে মেসার্স অথৈ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয় ৯০ দিন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, শোলক ইউনিয়নে বেসরকারি সংস্থা ভোসডের (ভলান্টারি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট) দপ্তর থেকে ধামুরা খেয়াঘাট পর্যন্ত সোয়া কিলোমিটার সড়কের বেহালদশা। কিন্তু সড়কের উন্নয়নকাজ বন্ধ রয়েছে। ইটের খোয়া বিছিয়ে সমান (ম্যাকাডাম) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাস্তার ওপরে বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা হয়েছে পুরোনো ইটের খোয়া। এ রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগে পড়ছে মানুষ।
লক্ষ্মণকাঠি গ্রামের হাফিজুর রহমান (৬২) বলেন, সড়কটি দিয়ে বরিশালের উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কয়েক হাজার মানুষ চলাচল করে।
এলাকার অন্তত পাঁচজন বাসিন্দা অভিযোগ করেন, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নিয়ে টালবাহানা শুরু করে। মাটি কেটে বালু ভরাট করে প্রায় এক বছর ফেলে রাখে। পরে পুরোনো পচা ইটের খোয়া দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দেন। তখন ঠিকাদার কাজ বন্ধ করে দেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. শাহিনের মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রকল্পের সহঠিকাদার মো. মানিক হোসেন বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা সত্য নয়। বর্ষা মৌসুম আসায় ও দাপ্তরিক নানা জটিলতার কারণে সময়মতো প্রকল্পটির কাজ শেষ করা যায়নি। শিগগিরই কাজ শেষ করা হবে।
শোলক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের শুরু থেকেই অনিয়ম করছে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে ঠিকাদারের একাধিকবার ঝামেলাও হয়। আর তখন ঠিকাদার কাজ বন্ধ করে রাখেন। এমনি করে তিন মাসের কাজ তিন বছরেও শেষ করতে পারেনি।
উজিরপুর উপজেলা প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, দ্রুত কাজ শেষ করার ব্যবস্থা করা হবে।