তিন মাসের কাজ শেষ হয়নি ১৫ মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের কাজ ১৫ মাসেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় কিশোরগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন উপজেলার ৩০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।গত বছরের ২৬ মে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্পিকার আবদুল হামিদ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সড়কটির কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, শহরের রাস্তাঘাটের যা অবস্থা, তাতে মানুষের হাত-পা ও কোমর ভাঙার অবস্থা। সময়মতো কাজ শেষ না করার অপরাধে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত ও লাইসেন্স বাতিল করা উচিত। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও কার্পেটিংয়ের কাজ ফেলে রেখেছে ছয় মাস।এলাকাবাসী ও পৌরসভা সূত্রে জানা গেছে, জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার যোগাযোগের লিংক রোড হিসেবে নগুয়া সড়ক গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি সংস্কারের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেন। পরে পৌর কর্তৃপক্ষ এটি সংস্কারের জন্য ২০০৯ সালের অক্টোবর মাসে ৯৬ লাখ টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স বেলাব কনস্ট্রাকশনকে কাজটি দেয়। ১০ নভেম্বর কাজের কার্যাদেশ দেওয়া হয়।কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫ নভেম্বর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। বেলাব কনস্ট্রাকশন রাস্তা বন্ধ করে প্রথমে নালা নির্মাণ শুরু করে। কয়েক দিন কাজ করার পর কাজের গতি কমিয়ে দেয় ঠিকাদারের লোকজন। পৌর কর্তৃপক্ষ একাধিকবার তাগাদা দেওয়ার পর প্রায় সাত মাসে নালার সড়কের কাজ করে এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ টাকা চলতি বিল নিয়ে কাজ নিয়ে আবারও গড়িমসি করছে।এলাকাবাসী জানায়, সড়কটি পূর্ণাঙ্গভাবে মেরামত না হওয়ায় যানবাহন ও লোকজনের চলাচল ১৫ মাস ধরে বিঘ্নিত হচ্ছে। সড়কটির দুই পাশে রয়েছে বেশ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুল ও কোচিং সেন্টার। সড়কের দুরবস্থার কারণে প্রতিদিন শিক্ষার্থীদের অন্য এলাকা থেকে নগুয়া সড়কে আসতে সমস্যায় পড়তে হয়।পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক দুর্ভোগের কথা স্বীকার করে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। লিখিতভাবে পত্র দেওয়া হয়েছে। এরপর প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পৌর মেয়র আবু তাহের মিয়া জানান, ‘জনগণের দীর্ঘদিনের দাবি ঠিকাদারের কারণে বাস্তবায়িত হচ্ছে না। কয়েক দিন অপেক্ষা করব, তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’বেলাব কনস্ট্রাকশনের ব্যবস্থাপক মো. খালেদ শামস জানান, ‘কাজ করছি। কম মূল্যে কাজ করতে হচ্ছে বিধায় দেরি হচ্ছে। কয়েক দিনের মধ্যে বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে।’