চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অনন্যা আবাসিক এলাকায় সাড়ে তিন বছরেও অ্যাপোলো হাসপাতালের নির্মাণকাজ শুরু করতে পারেনি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান। দ্রুত নির্মাণকাজ শুরু করতে বারবার তাগিদ দিয়ে যাচ্ছে চউক। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শুরু করতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চউক সূত্র জানায়, ঢাকার এসটিএস হোল্ডিংস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে অনন্যা আবাসিক প্রকল্প এলাকায় আন্তর্জাতিক মানের অ্যাপোলো হাসপাতাল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। এ জন্য প্রতিষ্ঠানটিকে প্রকল্প এলাকার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। প্লটের আয়তন প্রায় এক একর। জমি বরাদ্দের আগে প্রতিষ্ঠানের সঙ্গে ২০১০ সালের ১৮ এপ্রিল সমঝোতা স্মারক সই করে চউক।
ওই সমঝোতা স্মারকের ৩ নম্বর শর্ত অনুযায়ী, জমি নিবন্ধনের পর তিন মাসের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণকাজ শুরু করতে হবে। হাসপাতাল নির্মাণকাজ শেষ করার জন্য সময় বেঁধে দেওয়া হয় তিন বছর। জমি নিবন্ধন দেওয়া হয় ২০১০ সালের ৮ জুলাই। জমি নিবন্ধনের পর পার হয়েছে সাড়ে তিন বছর। কিন্তু এখনো হাসপাতালের নির্মাণকাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি।
এসটিএস হোল্ডিংস লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) চির রঞ্জন বড়ুয়া বলেন, ‘আমরা হাসপাতালের নকশার অনুমোদন পেয়েছি। এখন নির্মাণকাজ শুরু করার প্রক্রিয়া চলছে।’ নির্মাণকাজ শুরু করার তাগিদ দিয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে চউক। চউক-সচিব তাহেরা ফেরদৌস বেগমের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘অনন্যা আবাসিক এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য আপনাদের অনুকূলে এইচ-০১ প্লট বরাদ্দ দেওয়া হয়। প্লটের নিবন্ধন শেষ হওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও হাসপাতালের নির্মাণকাজ শুরু করা হয়নি। তাই পত্র জারির এক মাসের মধ্যে হাসপাতালের নির্মাণকাজ শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় চুক্তির শর্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
২০১১ সালের ২৪ নভেম্বর এ চিঠি দেওয়া হয়।
এসটিএস হোল্ডিংস লিমিটেডকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাহেরা ফেরদৌস বেগম। তিনি জানান, দ্রুত হাসপাতালের নির্মাণকাজ শুরু করতে প্রতিষ্ঠানটির সঙ্গে নিয়মিত কথাবার্তা হচ্ছে। স্বয়ং চেয়ারম্যানের সঙ্গে তাঁদের এ ব্যাপারে আলোচনা হচ্ছে।
চউক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে জানান, প্রকল্প এলাকার উন্নয়নকাজও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে হাসপাতালের নকশার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগির এর নির্মাণকাজ শুরু হবে।