তিন মাসের কাজ ১৬ মাসেও শেষ হয়নি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কটি সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে। ঠিকাদারকে সড়ক সংস্কারের কাজ তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ১৬ মাস পরও সে কাজ শেষ হয়নি। এতে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে মঠখোলা বাজার পর্যন্ত সংস্কারের জন্য ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে দরপত্র আহ্বান করা হয়। সড়ক নির্মাণের কাজ পায় ঢাকার অনিয়ন ট্রেডিং কোম্পানি (ওটিবিল) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তিন মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কার্পেটিং উঠে গিয়ে সারা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।এলাকার বাসিন্দা মূসা মারুয়া বলেন, এটি কিশোরগঞ্জ, টঙ্গী, গাজীপুরসহ উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র সড়ক । অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সওজের কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান মোল্লা বলেন, ‘বারবার চিঠি দেওয়ার পরও পাথর ও বিটুমিন-সংকটের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারছে না। তবে তাদের সময় বাড়ানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মার্চ মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়ার কথা বলেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সমীর কুমার পাল জানান, তারা গত শনিবার (৬ ফেব্রুয়ারি) থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করেছেন। নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজটি শুরু করতে দেরী হয়ে গেছে। দুই মাসের মধ্যে তারা সংস্কারের কাজ শেষ করবেন।