তিন মাসের কাজ ৩০ মাসেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দানেরহাট-লঞ্চঘাট সড়কের তিন মাসের নির্মাণকাজ প্রায় আড়াই বছরেও শেষ করতে পারেননি ঠিকাদার। কাজ শেষ না হওয়ায় এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সড়কের কাজ যথাসময়ে শেষ হয়নি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাদারীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহত্তর ফরিদপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় কয়ারিয়া ইউনিয়নের ময়দানেরহাট-লঞ্চঘাট পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের জন্য এলজিইডি ২০১০ সালের ২৪ নভেম্বর দরপত্র আহ্বান করে। মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৬০ লাখ সাত হাজার ৫০৯ টাকায় কাজটি করার জন্য চুক্তিবদ্ধ হয়। ২০১১ সালের ১ ফেব্রুয়ারি এলজিইডি তাদের কার্যাদেশ দেয়। চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের তিন মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় আড়াই বছরেও তা শেষ করতে পারেনি। কাজ শেষ না হওয়ায় কয়ারিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।কয়ারিয়া লঞ্চঘাট এলাকার মো. বাবলু জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে কয়ারিয়া ইউনিয়নের পাঁচ-সাত হাজার মানুষ এ সড়ক দিয়ে উপজেলা সদর, গৌরনদী উপজেলা শহর এবং কয়ারিয়া লঞ্চঘাটে যাতায়াত করে। রাস্তার কাজ শেষ না হওয়ায় এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছে।কয়রিয়া লঞ্চঘাট বাজারের ব্যবসায়ী কালু ব্যাপারি জানান, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় তাঁদের মোকাম থেকে মালামাল আনতে অনেক কষ্ট হয়। কয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এম এ হাসান সিকদার বলেন, অবস্থা খারাপ হওয়ায় সড়ক দিয়ে গাড়ি চলাচল করে না বললেই চলে। তাই স্থানীয় লোকজনকে হেঁটে বাজার ও লঞ্চঘাটে যেতে হয়। কয়েক দিন আগে সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন সড়কের এক কিলোমিটারে ম্যাকাডমের কাজ করা হয়েছে। বাকি এক কিলোমিটারে কোনো কাজই হয়নি। উপজেলা প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, ‘আমি গত ২৩ জুন এখানে যোগদান করেছি। ফাইল না দেখে কিছু বলতে পারব না।’ এলজিইডির মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস জানান, তহবিলে টাকা না থাকায় ঠিকাদারকে বিল দেওয়া যায়নি। এ কারণে ঠিকাদার কাজ করছে না। তবে এলাকার স্বার্থে তাঁরা ঠিকাদারকে দিয়ে দ্রুত কাজ করিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।হাসান এন্টারপ্রাইজের মালিক সৈয়দ তুষার জানান, তিনি শিগগিরই কাজ শুরু করবেন।