তিন মাসের মধ্যে দেওয়ানি মামলা স্থানান্তর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৮৭ সালের সিভিল কোর্টস আইনের সংশোধিত ৪(৩) ধারা অনুসারে উচ্চ আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট জেলা আদালতে স্থানান্তর না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে সংশোধিত আইনের ৪(৩) ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। আইনসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সাইদুল আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
মামলার বিবরণে জানা যায়, ১৮৮৭ সালের সিভিল কোর্টস আইন সংশোধন করে ১২ মে গেজেট প্রকাশ করে সরকার। সংশোধিত আইন অনুসারে, একজন সহকারী জজ ২ লাখের পরিবর্তে ১৫ লাখ, জ্যেষ্ঠ সহকারী জজ ৪ লাখের পরিবর্তে ২৫ লাখ এবং জেলা জজ ৫ লাখের পরিবর্তে ৫ কোটি টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারবেন। সংশোধিত আইনের ৪(৩) ধারায় বলা হয়েছে, ৫ লাখ থেকে ৫ কোটি টাকার যেসব দেওয়ানি মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, সেগুলো গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা আদালতে ফেরত পাঠাতে হবে। সংশোধিত আইনের এই ৪(৩) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সাইদুল আলম খানসহ চারজন আইনজীবী গত রোববার রিট আবেদনটি করেন।