টাঙ্গাইলে চলন্ত বাসে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী রূপা খাতুনকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে মহিলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
গত শুক্রবার রাতে টাঙ্গাইলে চলন্ত বাসে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী রূপা খাতুনকে ধর্ষণ শেষে ঘাড় মটকে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস নির্মম ও রোমহর্ষক ঘটনার জন্য দায়ী এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গণপরিবহন ব্যবস্থা থেকে তাদের বিতাড়িত করতে হবে।
বক্তারা বলেন, শিশু ও নারী ধর্ষণের ঘটনা ক্রমে বেড়ে চলেছে। যাতায়াতের পথে, কর্মস্থলে এমনকি পরিবারেও নারীরা বিভিন্ন ধরনের নির্যাতন, উত্ত্যক্তকরণের ও যৌন হয়রানির শিকার হচ্ছে। এখনই সরকার, প্রশাসনসহ সবাইকে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি রেখা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ। বিজ্ঞপ্তি