তিন মাসের মধ্যে ভূমি রেকর্ড আধুনিক করার কাজ শুরু
ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে এ কাজে ২৩১ কোটি টাকা ব্যয় হবে। কাজ শুরু হবে আগামী তিন মাসের মধ্যেই। আর তা শেষ হবে ২০১৩ সাল নাগাদ। গতকাল সচিবালয়ে ভূমি রেকর্ড আধুনিকীকরণ বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। বৈঠকে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাসহ অর্থ ও ভূমি মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জানান, দেশের ৬১ জেলার ৪৬১ উপজেলার ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণের (ডিজিটাইজড) আওতায় আসবে। ভূমি রেকর্ড, ভূমি জরিপ এবং এ-সংক্রান্ত সবকিছুই থাকবে এর মধ্যে। অর্থমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে সরকারের পক্ষ থেকে ৯০০ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ ছিল। কিন্তু বেসরকারি খাত ২৩১ কোটি টাকার মধ্যেই কাজ করে দেবে বলে প্রস্তাব এসেছে। এতে সরকারের ৬৬৯ কোটি টাকা সাশ্রয় হবে।