তিন মাসের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন নির্মাণ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ইউসুফ সাখাওয়াতের পরিবারের সদস্যসংখ্যা এখন ১৫ জন। তবে এক বছরের মধ্যে এ পরিবারে আরও তিনটি শিশুর জন্ম হবে। তখন সদস্য হবে ১৮। এ কারণে মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন নির্মাণের জন্য মোট ১৮টি প্রতীকী ইট কিনেছেন এই পরিবারের সদস্যরা। অনুদানদাতাদের নাম তালিকাভুক্ত করতে তিনটি নাম পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিটি প্রতীকী ইটের মূল্য ১০ হাজার টাকা।গতকাল শুক্রবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আগারগাঁওয়ে জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের জন্য অনুদান গ্রহণ অনুষ্ঠানে কাজী ইউসুফ সাখাওয়াত বা তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না। তাঁরা তাঁদের চেকটি পাঠিয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির দেওয়া অনুদানের চেক গ্রহণ করেন জাদুঘরের প্রামাণ্যকরণ কমিটির সদস্য শিক্ষাবিদ আনিসুজ্জামান। উদ্যোক্তা সদস্য হিসেবে ব্যারিস্টার রফিক-উল হক পাঁচ লাখ টাকার একটি চেক দেন। ব্যারিস্টার রফিক বলেন, ‘এ ধরনের একটি মহৎ কাজে সামান্য কিছু দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ অনুদানদাতাদের তালিকায় মন্ত্রী, সাবেক উপদেষ্টাসহ গণ্যমান্য ব্যক্তিরা থাকলেও অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় তাঁদের প্রধান বা বিশেষ অতিথি হিসেবে সম্বোধন করা হয়নি। অনুষ্ঠানের সঞ্চালক জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, যে যত টাকাই অনুদান দিক না কেন, অনুদানদাতারা সবাই সমান। তিনি জানালেন, শুক্রবার পর্যন্ত মোট দুই কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৭০ টাকা সংগ্রহ হয়েছে। সে হিসাবে তিন মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। তবে ভবন নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ১৪ বছর আগে কয়েকজনের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘরের গোড়াপত্তন। এতগুলো বছর সাধারণ মানুষের সমর্থনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে জাদুঘরটি। মানুষের আস্থাও অর্জন করেছে। ভালো কাজে মানুষ পিছপা হয় না, এটাই তার প্রমাণ।অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ এবং জাদুশিল্পী জুয়েল আইচ জীবন সদস্য হিসেবে এক লাখ টাকা করে চেক দেন।অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) গোলাম কাদের, সহকারী অ্যাটর্নি জেনারেল সাহিদা বেগম, মর্জিনা বেগম ও এ বি এম হেলাল উদ্দিন প্রতীকী ইট কেনার জন্য প্রত্যেকে ১০ হাজার টাকার চেক দেন।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর হবে জনগণের জাদুঘর। ফলে এটি জনগণের সাহায্য-সহযোগিতা নিয়েই সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।