তিন মাসের সংস্কারকাজ ৭৪ মাসেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের মাত্র এক কিলোমিটারের সংস্কারকাজ ৭৪ মাসেও শেষ হয়নি। ২০০৪ সালের ২৯ মার্চের মধ্যে সংস্কারকাজ শেষ করার কথা থাকলেও কিছু কাজ করে ঠিকাদার পালিয়ে যায়। কাজ শেষ না হওয়ায় ওই সড়ক দিয়ে যাতায়াতে উপজেলার লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের লম্বাঘোনা থেকে বড়খোলা পর্যন্ত এক কিলোমিটার কাঁচা সড়ক কার্পেটিং করার জন্য ২০০৩-০৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩৭ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেয়। সড়ক সংস্কারের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসুফ কনস্ট্রাকশন। সংস্কারকাজ শুরু হয় ২০০৩ সালের ২৯ ডিসেম্বর। তিন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো পর্যন্ত ঠিকাদার কাজ শেষ করেনি। ঠিকাদার মাঝেমধ্যে কিছু কাজ করলেও তিন বছর ধরে সংস্কারকাজ বন্ধ রয়েছে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক জানান, গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের প্রায় ১৬ কিলোমিটারজুড়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন গাড়ি চলাচল করছে ঝুঁকি নিয়ে। ওই সড়কের লম্বাঘোনা থেকে বড়খোলা পর্যন্ত এক কিলোমিটার সড়কের সংস্কারকাজ ঠিকাদার শেষ না করায় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ষাইটমারা এবং রশিদ মিয়া বাগানসংলগ্ন উটনি এলাকার রাস্তার অবস্থা খুবই করুণ। এলাকাবাসী জানায়, ঠিকাদার কাজ না করে পালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। চাঁদের গাড়ির চালক আবদুর রহমান বলেন, সড়কের করুণ অবস্থার কারণে এখন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।ঠিকাদার সৈয়দ মোহাম্মদ ইউসুফের সঙ্গে মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঠিকাদারের প্রতিনিধি মৌলভি দিদারুল আলম বলেন, আর্থিক সংকটের কারণে সংস্কারকাজ বন্ধ রয়েছে। উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, সংস্কারকাজ শেষ না হওয়ায় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজ শেষ করার জন্য অনেকবার ঠিকাদারকে বলা হলেও কোনো কাজ হয়নি। এ কারণে সড়কের কাজের জন্য ফের টেন্ডার আহ্বানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন বলেন, জরুরিভিত্তিতে সংস্কারকাজ শেষ করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।