তিন মিনিটে ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি মাত্র মিনিটে জাল মার্কিন ডলার বানিয়ে দিতে পারেন। ক্রেতাদের পছন্দমতো স্থানে গিয়েই ডলার তৈরি করে দেন। ডলার তৈরির সব উপকরণ থাকে তাঁর ব্রিফকেসে। জাল ডলার তৈরির এই ‘কারিগরের’ নাম ক্যানাং ভেলেজ। তিনি ক্যামেরুনের নাগরিক। গত মঙ্গলবার গোয়েন্দা পুলিশ (ডিবি) ক্রেতা সেজে উপকরণসহ আটক করেছে তাঁকে।ডিবি সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশ সদস্যরা বড় মগবাজার বাটা মোড়ে ক্রেতা সেজে তাঁকে ফাঁদে ফেলেন। ক্যানাং তাঁদের ক্রেতা ভেবে তাঁদের সামনেই তিন মিনিটের মধ্যে জাল ডলার তৈরি করেন। এরপরই তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ব্রিফকেস উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১০০ ডলারের দুটি জাল নোট, নোট তৈরির জন্য প্রয়োজনীয় কালো ট্রেলিং পেপার, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, একটি মুখোশ ও কয়েকটি পোশাক। উপকমিশনার বলেন, ক্যানাং জাল ডলার তৈরিতে একজন বিশেষজ্ঞ। তিনি আসল ডলারের নোট কালো ট্রেলিং কাগজের ওপর ঘষে জাল নোট নিখুঁতভাবে তৈরি করেন।অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, ক্যানংয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল ডলার তৈরির চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।