তিন মিনিটে লন্ডভন্ড

মাত্র দু-তিন মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড হয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের অর্ধশতাধিক বসতঘর। উপড়ে গেছে টিউবওয়েল ও দুই শতাধিক গাছপালা। এতে আহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকায় এ টর্নেডো আঘাত হানে।
আহত ব্যক্তিদের মধ্যে সুমাইয়া আক্তার (১২) নামের এক শিশু আছে। তার বাবার নাম আবুল কালাম। ঘরের টিনের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বিকেলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার পর পরই শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে।
চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বেলা ১টা ২০ মিনিটে হঠাৎ টর্নেডো আঘাত হানে। মাত্র দু-তিন মিনিটের টর্নেডো সব লন্ডভন্ড করে দেয়।
খবর পেয়ে বিকেলে উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও প্রথম আলোকে বলেন, টর্নেডোর খবর পাওয়ার পর জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার তাৎক্ষণিক দেড় লাখ টাকা এবং তিন টন চাল বরাদ্দ দিয়েছেন। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে বলে জানানো হয়েছে।