তিন মীমাংসাকারী নির্বাচনে কাল দিল্লিতে বাংলাদেশ-ভারত বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসীমা বিরোধ নিরসনের পথ খুঁজতে দিল্লিতে কাল বৃহস্পতিবার আলোচনায় বসছেন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্র্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের রাজধানীতে অনুষ্ঠেয় বৈঠকে দুই দেশের কর্মকর্তারা জাতিসংঘের সালিসি আদালতের বাকি তিনজন আরবিট্রেটর বা মীমাংসাকারী নির্বাচন করবেন। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী সালিস আদালতে (আরবিট্রেশন ট্রাইব্যুনাল) পাঁচজন মীমাংসাকারী নিয়ে গঠিত একটি প্যানেল সালিসের কাজ চালান। এর মধ্যে দুজনকে নির্বাচিত করে দুই দেশ এবং অন্য তিনজনকে মনোনীত করা হয় দুই দেশের সমঝোতার মাধ্যমে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দিতে পারেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনজন মীমাংসাকারী নির্বাচন করা ছাড়াও সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির প্রাসঙ্গিক অন্য বিষয়গুলো নিয়েও দুদেশের কর্মকর্তারা দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার জানান, সম্প্রতি শেখ হাসিনা-মনমোহন সিংয়ের শীর্ষ বৈঠকের এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিল্লিতে ১১ জানুয়ারি দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আলোচনার মাধ্যমে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি করা প্রয়োজন। জাতিসংঘের আইন অনুযায়ী দুদেশের সমঝোতার মাধ্যমে তিনজনকে মীমাংসাকারী হিসেবে নির্বাচন করা হবে। অর্থাত্ বাংলাদেশ ও ভারত দুই দেশই প্রস্তাবিত ব্যক্তিদের নিয়ে আলোচনা করবে এবং এরপর দুই পক্ষ তিনজনকে চূড়ান্তভাবে মনোনীত করবে। বাংলাদেশ তিনজনের নাম চূড়ান্ত করেছে কি না জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে কাদের নির্বাচিত করা হয়েছে সেটা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। অন্য এক কর্মকর্তা বলেন, আলোচনার মাধ্যমে মীমাংসাকারী নির্বাচনের পদক্ষেপের ফলে সমস্যা সমাধান সহজ হবে। মীমাংসাকারী নির্বাচনের সময়সীমা পেরিয়ে গেছে কি না জানতে চাইলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, গত ডিসেম্বরে প্রথম সময়সীমা পেরিয়ে গেলে জাতিসংঘের সালিস আদালতে সময় বাড়ানোর অনুরোধ জানায় ভারত। এরপর ওই সময়সীমার মধ্যে মীমাংসাকারী নির্বাচনের জন্য তারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দীর্ঘ তিন দশক ধরে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বর্তমান সরকার আসার পর জাতিসংঘের সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়। এ পদক্ষেপ নেওয়ার প্রধান উদ্দেশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিরোধ মিটিয়ে দেশের সমুদ্রসীমার কর্তৃত্ব প্রতিষ্ঠা।বাংলাদেশের পক্ষে মীমাংসাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ আইন বিশেষজ্ঞ ভন লুই এবং ভারতের পক্ষে কাজ করবেন সে দেশের বিচারপতি চন্দ্র শেখর রাও। জাতিসংঘের সালিস-প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে আইন সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফলি হগ। জানা গেছে, মিয়ানমারের মতো ভারতের সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি সমাধান করতে চায় বাংলাদেশ। বঙ্গোপসাগরের যে বিন্দু থেকে প্রতিবেশী দুই দেশের সমুদ্রসীমা নির্ধারণ শুরু হবে, তা নিয়ে দুই পক্ষের দূরত্ব দীর্ঘদিনের। ভারতের দাবি, হাড়িয়াভাঙ্গা নদীর মাঝামাঝি থেকে বিভাজনের সূচনা বিন্দু টানতে হবে। অন্যদিকে বাংলাদেশের দাবি, আরও বেশ কিছুটা পশ্চিমে সরে গিয়ে বিন্দু টানতে হবে। কারণ ভারত যেখান থেকে বিভাজন বিন্দু টানতে চায়, সেখানে মিলেছে হাড়িয়াভাঙ্গা, রায়মঙ্গল ও কালিয়া—এই তিনটি নদীর স্রোত। কাজেই সীমারেখা টানতে হবে আরও পশ্চিমে সরে গিয়ে।