তিন মুঠোফোন অপারেটরের ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা টাকার অর্ধেক ১০ দিনের মধ্যে পরিশোধের শর্তে তিন মুঠোফোন অপারেটরের ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। গতকাল বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহ্াব মিঞা তিনটি অপারেটরের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এই সময়ের মধ্যে আবেদনকারীরা (অপারেটর) অর্থ পরিশোধে ব্যর্থ হলে ওই আদেশ স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়। তিন অপারেটর হচ্ছে রবি, বাংলালিংক ও সিটিসেল। আদালত সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০০৬ সালের সিম ট্যাক্সের বকেয়া ৩৯২ কোটি টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় তিন অপারেটরের ব্যাংক হিসাব জব্দ করে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত রোববার পৃথক রিট আবেদন দাখিল করে তিন অপারেটর। হাইকোর্ট বেঞ্চ ওই আবেদনের শুনানি গ্রহণে অস্বীকৃতি জানান। এর বিরুদ্ধে তিনটি অপারেটর গত বুধবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। আদালতে বাংলালিংক ও সিটিসেলের পক্ষে আইনজীবী এম জহির এবং রবির পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন শুনানি করেন। এনবিআরের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের সিমের বকেয়া কর বাবদ তিনটি মুঠোফোন অপারেটরের কাছে ৩৯২ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়। এনবিআরের দাবি করা ওই অর্থের ৫০ ভাগ ১০ দিনের মধ্যে পরিশোধ করার শর্তে আদালত অপারেটরদের ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেছেন। রবি, বাংলালিংক ও সিটিসেল মিলিয়ে এনবিআরের প্রাপ্য প্রায় ৩৯২ কোটি টাকা। এর মধ্যে বাংলালিংকের কাছে ১৬৪ কোটি টাকা, সিটিসেলের কাছে ৪৭ কোটি টাকা এবং রবির কাছে ১৮১ কোটি টাকা পায় এনবিআর।