তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার জাহাঙ্গীরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর আলম

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের দিন তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করেছেন মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেনের আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বেলা দুইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত স্বীকারোক্তি গ্রহণ করেন আদালত। এর আগে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত দাবি করেন, জাহাঙ্গীর তাঁর জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করেছেন। মনিরাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোর কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। মাসহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যার এ ঘটনায় তিনি মির্জাপুরের মাছরাঙ্গা ফিলিং স্টেশন থেকে ৫০ লিটার তেল নেন। তেল নিতে আলী হোসেনের রিকশা ভাড়া করেন।
এস আই শ্যামল কুমার দত্ত আরও জানান, হত্যাকাণ্ডের সময় কেউ উপস্থিত না থাকলেও জাহাঙ্গীরকে আরও কয়েকজন সহায়তা করেছে বলে আদালতে জানান জাহাঙ্গীর আলম। তবে তিনি তাঁদের নাম জানাননি।

গত শনিবার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। অসুস্থ থাকায় পরের দিন সকালে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন।

গত ৬ অক্টোবর ঈদের দিন রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগমসহ তিন মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন একই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান করে মির্জাপুর থানায় মামলা করেন মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন। এ মামলায় জাহাঙ্গীরসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, জবানবন্দি শেষে আদালতের নির্দেশে জাহাঙ্গীরকে জেলহাজতে পাঠানো হয়েছে।