তিন মেয়র প্রার্থী নিয়ে বিএনপিতে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার পাঁচটি পৌরসভার মধ্যে তিন পৌরসভার মেয়র পদপ্রার্থী নিয়ে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও বিভক্তি দেখা দিয়েছে। এতে ওই তিন মেয়র প্রার্থীর নির্বাচনে বিজয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন সাধারণ কর্মীরা।
জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার অভিযোগ, বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে যাঁদের অগ্রণী ভূমিকা ছিল তাঁদের বাদ দিয়ে অপেক্ষাকৃত দুর্বল ও অযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
জানতে চাইলে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম দাবি করেন, ‘মিরপুর ও ভেড়ামারায় দলের যে দুজন প্রার্থী হয়েছেন নিঃসন্দেহে তাঁরা জামানত হারাবেন। তাঁদের ভোট দিতে কর্মীরাও কেন্দ্রে যাবে কি না, সেটাই ভাবার বিষয়। তাঁরা আওয়ামী লীগের ছায়া প্রার্থী।’
দলীয় সূত্রে জানা গেছে, হামলা-মামলাসহ নানা কারণে জেলা বিএনপি এমনিতেই কাবু। তার ওপর পৌর নির্বাচনকে ঘিরে আরেক দফা অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় মনোনয়ন দিতে ত্যাগী নেতা ও সাবেক সাংসদদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এসব কারণে সদরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরেশোরে মাঠে নেমে পড়েছেন সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বশিরুল আলম। সেখানে বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ।
মিরপুর পৌরসভায় বিএনপির শক্ত প্রার্থী ছিলেন মিরপুর পৌর বিএনপির সভাপতি রহমত আলী ওরফে রব্বান। তাঁকে বাদ দিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ খানের নাম ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। নেতা-কর্মীদের অভিযোগ, সাধারণ ভোটাররা তো দূরে থাক, বিএনপির নেতা-কর্মীরাও তাঁকে ঠিকমতো চেনেন না। মিরপুর পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে আছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল হক খানের স্ত্রী নাসরিন ফেরদৌস। পৌরসভায় ২০-দলীয় জোটের অন্যতম শরিক জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আবুল হাসেম নির্বাচনে লড়ছেন।
ভেড়ামারা পৌরসভাতেও বেকায়দায় পড়েছেন বিএনপি জোটের প্রার্থী মহিউদ্দিন বানাত। তাঁর পক্ষে মাঠে নামছেন না বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। যুবদলের নেতা শামীম রেজা দলের শক্ত প্রার্থী থাকলেও তাঁকে বাদ দিয়ে বানাতকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে উপজেলা বিএনপির নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, ‘মনোনয়ন দেওয়ার আগে আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। নির্বাচন কীভাবে পরিচালিত করা হবে, সেসব সভাতেও আমাদের ডাকা হচ্ছে না। জেলা বিএনপির কয়েকজন নেতা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। এতে দলের অবস্থা আরও খারাপ হবে।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম উল হাসান অভিযোগ করেন, ‘আমার তো একটা নিজস্ব ভোটের বলয় আছে। কিন্তু আজ পর্যন্ত দলের কোনো নেতা নির্বাচন-সংক্রান্ত যোগাযোগ করেনি। এটা না করা দলের জন্য খারাপ।’
মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষের বিষয়টি জেলার নেতারা অবগত আছেন জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে জেলা কমিটির এক শীর্ষ নেতা বলেন, মাঠপর্যায়ের নেতাদের মধ্যে সমন্বয় সৃষ্টির জোর চেষ্টা চলছে।