
ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ আজ রোববার। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, বিএনপির প্রার্থী শহর বিএনপির সভাপতি অনাদী দাস ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, তাঁদের সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্থানীয় ভোটাররা জানান, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র আফজাল হোসেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। দলের বেশির ভাগ নেতা-কর্মী রয়েছেন লিয়াকত আলী তালুকদারের পক্ষে। তারপরেও লিয়াকত আলী তালুকদারের সমর্থকেরা জয়ের ব্যাপারে সন্দিহান। অপরদিকে আফজাল হোসেনের সঙ্গে আছেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের একটি অংশ। আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকার সুযোগ কাজে লাগাতে পারেননি বিএনপির প্রার্থী অনাদী দাস। বিএনপির প্রার্থীর ঢিলেঢালা প্রচারণা ও নেতা-কর্মীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে রয়েছে সংশয়।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাঁদখালী মহল্লার রিকশাচালক সবুর মিয়া (৬০) বলেন, ‘আমরা ভোট দিতে পারব কি না জানি না। সুষ্ঠু ভোট হলে কেন্দ্রে যাব। গন্ডগোল হলে যাব না।’
বিএনপির মেয়র প্রার্থী অনাদী দাস বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। আমার সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের বলা হচ্ছে ভোটকেন্দ্রে গেলে আর বাড়ি ফিরতে পারবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আফজাল হোসেন বলেন, ‘আমার নির্বাচনী পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলা হচ্ছে। আমার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য বলছেন রোববার ১১টার মধ্যে ভোটকেন্দ্র দখল করে নেওয়া হবে। ১৮টি ভোটকেন্দ্রকে আমি ঝুঁকিপূর্ণ মনে করছি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ঝালকাঠিতে সুষ্ঠু নির্বাচন হবে। আমি সব সময় নির্বাচনের পরিবেশ ভালো রেখেছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালিয়েছেন। তাঁদের বাধা দেওয়া হয়নি। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করার মতো পরিবেশ এখানে সৃষ্টি হয়নি।’