তিন মেয়র প্রার্থীর নামে মামলা বিচারাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীর নামে পাঁচটি মামলা আছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীর প্রত্যেকের আছে একটি করে। এই তিনজন প্রার্থীর ব্যাংকে দেনাও আছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর নাহার ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখা যায়, বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার স্নাতক (সম্মান) ও এমকম পাস। তাঁর পেশার বিবরণীতে চারটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। তাঁর আয়ের উৎস কৃষি খাতে বার্ষিক ২ লাখ টাকা, ব্যবসা থেকে ৬০ হাজার, ভাতা থেকে ২ লাখ ৪০ হাজার ও চাকরি থেকে ২ লাখ ৪০ হাজার টাকা দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলা চলমান রয়েছে। অস্থাবর সম্পদের বিবরণীতে নিজ নামে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, জমা ১০ হাজার টাকা, একটি জিপ, একটি মোটরসাইকেল ও এক ভরি সোনা দেখিয়েছেন। স্বামী-স্ত্রীর নামে ৩২ হাজার ২০০ টাকা ও ১০ ভরি সোনা দেখিয়েছেন। স্থাবর সম্পদে কৃষিজমির পরিমাণ ৮ দশমিক ৫০ একর, অকৃষি জমির পরিমাণ ৫১ একর, অগ্রণী ব্যাংক সৈয়দপুর শাখায় বাণিজ্যিক (সিসি) ঋণ হিসেবে ৫ লাখ টাকা দেনা দেখিয়েছেন তিনি।
এ বিষয়ে বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, তাঁর বিরুদ্ধে যেসব মামলা আছে, তার সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি।
ব্যবস্থাপনায় স্নাতক ও এমকম পাস আওয়ামী লীগের প্রার্থী সাখাওয়াৎ হোসেন খোকনের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। আয়ের উৎসে তিনি কৃষি খাতে বার্ষিক ২৫ হাজার টাকা, বাসা ও দোকান ভাড়া থেকে ২৭ হাজার ও পেশা থেকে ২ লাখ ৬৮ হাজার টাকা দেখিয়েছেন। অস্থাবর সম্পদে নিজ নামে নগদ ৮০ হাজার টাকা, জমাকৃত ৯ লাখ ৯ হাজার ৫৮০ টাকা, স্বামী-স্ত্রীর নামে স্থায়ী আমানতের ৫ লাখ টাকা ও পাঁচ ভরি সোনা দেখিয়েছেন। স্থাবর সম্পদে কৃষিজমির পরিমাণ আট বিঘা, পাঁচ শতক জমির ওপর দ্বিতল বাড়ি দেখিয়েছেন। ন্যাশনাল ব্যাংক সৈয়দপুর শাখায় ২০ লাখ টাকা ঋণ রয়েছে তাঁর।
সাখাওয়াৎ হোসেন বলেন, তাঁর নামে মামলা থাকলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন আয়ের উৎস হিসেবে কৃষি খাতে বার্ষিক ১ লাখ টাকা, ভাড়া থেকে ১ লাখ ২০ হাজার ও ব্যবসা থেকে ৩৩ লাখ ৪ হাজার ৫৬ টাকা আয় দেখিয়েছেন। এইচএসসি পাস জয়নালের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। অস্থাবর সম্পদে নিজ নামে নগদ ৩ লাখ টাকা, জমাকৃত ২ লাখ ৮০ হাজার ৫৪ টাকা, দুটি মোটরসাইকেল, স্বামী-স্ত্রীর নামে দুই ভরি সোনা দেখিয়েছেন। স্থাবর সম্পদে কৃষিজমির পরিমাণ ১২ দশমিক ৬৩ একর, অকৃষি জমির পরিমাণ ২০ শতক ও বাণিজ্যিক ভবনে ইজারা নেওয়া জমিতে দ্বিতল বাণিজ্যিক ভবন, যৌথ মালিকানায় চার ভাগের এক ভাগ দেখিয়েছেন। ঢাকা ও সৈয়দপুরে একটি করে ফ্ল্যাট দেখিয়েছেন। এনসিসি ব্যাংক সৈয়দপুর শাখায় দুটি ঋণে মোট ৫৮ লাখ ৭৪ হাজার ৮৪৩ টাকা দেনা রয়েছে তাঁর।
আর ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ নূরুল হুদা আয়ের উৎসে ব্যবসা থেকে বার্ষিক ১ লাখ ৮০ হাজার টাকা দেখিয়েছেন। নূরুল হুদার বিরুদ্ধে কোনো মামলা নেই। অস্থাবর সম্পদে নিজ নামে নগদ টাকা ১ লাখ টাকা, জমাকৃত ১ লাখ টাকা ও স্বামী-স্ত্রীর নামে পাঁচ ভরি সোনা দেখিয়েছেন। স্থাবর সম্পদ বিবরণীতে একটি বাড়ি ও শিক্ষাগত যোগ্যতায় তিনি ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন।