তিন মেয়রসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল
কিশোরগঞ্জের চারটি পৌরসভায় তিন মেয়র ও আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাগজপত্রে ত্রুটি, হলফনামায় সই না থাকা, ঋণখেলাপি হওয়া, আয়করের সনদ দাখিল না করা, নির্বাচনী ব্যয় নির্বাহের ফরম পূরণ না করাসহ বিভিন্ন কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কটিয়াদি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তানভীরুল হক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক এবং একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভৈরবে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমতিয়াজ আহমেদ ও একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাজিতপুরে তিনজন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। করিমগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে হোসেনপুর, কুলিয়ারচর ও কিশোরগঞ্জ—এ তিন পৌরসভায় কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
কিশোরগঞ্জের সাতটি পৌরসভায় মেয়র পদে ৩০, সাধারণ কাউন্সিলর ৩২১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুঞ্জুরুল আলম এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।