
বান্দরবান পৌরসভায় নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন মেয়র প্রার্থীই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পরিকল্পিত উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। তাঁরা তিনজনই এর আগে বিভিন্ন সময়ে পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রচারণার ক্ষেত্রে তিনজনই গুরুত্ব দিচ্ছেন সম্প্রীতি ও উন্নয়নকে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইসলাম বেবী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বিএনপির প্রার্থী জাবেদ রেজা বর্তমান মেয়র। জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমানও মেয়র ছিলেন। তিন প্রার্থীই উন্নয়নের আশ্বাস দিলেও দায়িত্বে থাকার সময় কেন উন্নয়ন করেননি—প্রচারণা চালাতে গিয়ে এমন বিব্রতকর প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে তাঁদের সমর্থকদের।
ইসলাম বেবী বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। জাবেদ রেজা বান্দরবান জেলা বিএনপির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক। মিজানুর রহমান আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন ও ৫ ওয়ার্ডের ক্যসামং মারমা বলেন, তিনজন মেয়র প্রার্থীর মধ্যে যিনি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি উন্নয়ন করতে পারবেন, তাঁকেই তাঁরা ভোট দেবেন। তাঁরা বলেন, বান্দরবান প্রথম শ্রেণির পৌরসভা হলেও রাস্তাঘাট, পানি সরবরাহব্যবস্থাসহ নাগরিক সেবা অত্যন্ত নাজুক।
আওয়ামী লীগের প্রার্থী ইসলাম বেবী গতকাল রোববার দলের নেতাদের নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় প্রচারণা চালান। তিনি বলেন, সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। তাঁর দাবি, ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন। এ জন্য পাহাড়ি-বাঙালি সবাই তাঁর ওপর আস্থাশীল। এই মেয়র প্রার্থী বলেন, নির্বাচিত হলে পানি সরবরাহব্যবস্থা উন্নয়নে মনোযোগী হবেন। এ ছাড়া মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) করে বান্দরবান শহরের পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেবেন।
বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জাবেদ রেজা গতকাল ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে তাঁর সমর্থনে প্রচারণা চালানোয় কয়েকটি এলাকায় তাঁদের হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, দলের দু-একজন তাঁর বিরোধিতা করলেও এটি তেমন কোনো সমস্যা নয়। সুষ্ঠু নির্বাচন হলে তিনি আবারও জয়ী হবেন বলে দাবি করেন।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পক্ষ জাবেদ রেজাকে মেয়র প্রার্থী হিসেবে চায়নি। এ জন্য দলের নেতা-কর্মীদের একটি অংশ প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করলেও ভেতরে ভেতরে জাবেদ রেজার বিরোধিতা করছে। তবে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি বলেন, দলীয় প্রতীকের বিপক্ষে কাজ করার কারও সুযোগ নেই।
জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান গতকাল ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটায় প্রচারণা চালানোর সময় বলেন, মেয়র থাকাকালে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে প্রত্যাশিত কাজ করতে পারেননি তিনি। এ জন্য জনগণের কাছে আরেকবার সুযোগ চাইছেন। মেয়র নির্বাচিত হলে তিনি জনকল্যাণমূলক ও দারিদ্র্যবান্ধব সম্প্রীতির বান্দরবান শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কোনো সমস্যা হয়নি।