তিন মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতালের উৎপাতের কারণে তিন প্রতিবন্ধী মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের এক হতদরিদ্র দিনমজুর।ওই দিনমজুরের অভিযোগ, তাঁর এক প্রতিবেশীর বাড়িতে রাতে মদের আসর বসে। সেখানে মদ্যপান করে মাতাল ব্যক্তিরা তাঁর বাড়িতে ঢুকে মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। ওই দিনমজুর বলেন, গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী অনিল বড়ুয়ার বাড়িতে মদ খেয়ে এক মাতাল তাঁর বাড়িতে ঢুকে তাঁর প্রতিবন্ধী এক মেয়েকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে স্থানীয় লোকজন এসে ওই মাতালের হাত থেকে তাঁর মেয়েকে রক্ষা করে। গতকাল শুক্রবার সকালে তিন প্রতিবন্ধী মেয়েকে নিয়ে উখিয়া থানায় হাজির হন ওই দিনমজুর। তিনি অনিল বড়ুয়ার ঘরে মদের আসর বন্ধ এবং তাঁর প্রতিবন্ধী মেয়েদের নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ দেন। থানার উপপরিদর্শক (এসআই) আবুল বশর বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এর আগেও অনিল বড়ুয়ার ঘরে পুলিশ কয়েক দফা হানা দিয়ে মদের আসর গুঁড়িয়ে দিয়েছিল। ওই দিনমজুরের বড় মেয়ে (২১) সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যার পর আমরা চরম আতঙ্কে ঘরের ভেতরে বন্দী জীবন কাটাই। কারণ পাশের বাড়িতে গভীর রাত পর্যন্ত মদ বিক্রি ও সেবনের জমজমাট আসর চলে।’ তাঁর আরেক বোন বলেন, কিছুদিন আগে এক মাতাল ঘরে ঢুকে পড়ায় তাঁর বাবা বাধা দেন। এ কারণে আরও কয়েকজন মাতাল মিলে তাঁর বাবাকে মারধর করে চলে যায়। অভিযোগ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও অনিল বড়ুয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।