তিন মেয়েকে নিয়ে নদীতে মায়ের ঝাঁপ, দুই মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তিন শিশুকন্যাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। আজ শুক্রবার বেলা একটার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বেঁচে গেছেন মা ও আরেক মেয়ে।

মারা যাওয়া শিশু দুটির নাম হামেদা খাতুন (৬) ও মাহমুদা খাতুন (২)।

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর জানান, গতকাল বৃহস্পতিবার রাতে খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তাঁর তিন মেয়েকে নিয়ে পদ্মায় ঝাঁপ দেন। এ সময় জেলেরা আক্তারা বেগম ও তাঁর বড় মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট দুই মেয়ে হামেদা ও মাহমুদা নিখোঁজ ছিল। আজ বেলা একটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তিনি জানেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ করেননি।