চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার গভীর রাতে আক্তারা বেগম নামের মানসিক প্রতিবন্ধী এক নারী তাঁর তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় পর বড় মেয়েসহ ওই নারীকে উদ্ধার করা হলেও ছোট দুই মেয়ে হামেদা খাতুন (৬) ও মাহমুদা খাতুনের (৩) মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বেলা একটার দিকে স্থানীয় এলাকাবাসী মৃত দুই বোনের লাশ উদ্ধার করেছে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তাঁর তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এ সময় মাছধরা নৌকার জেলেরা আক্তারা বেগম ও তাঁর বড় মেয়েকে উদ্ধার করেন। কিন্তু ওই সময় ছোট দুই মেয়ে হামেদা ও মাহমুদাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার বেলা একটার দিকে নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও প্রতিবেশীদের দাবি, আক্তারা বেগম দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।