নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কারারচর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), একই এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে মো. বাবু মিয়া (১৮) ও সুরুজ মিয়ার ছেলে শাহীন মিয়া (২১)। নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসার প্রয়োজনে সন্ধ্যার পর সাইফুল দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান উপজেলার ইটাখোলা যান। রাত আটটার দিকে ইটাখোলা থেকে তাঁরা বাসার উদ্দেশে রওনা দেন। সৈয়দনগর এলাকায় তাঁরা ওই দুর্ঘটনার কবলে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। শিবপুর মডেল থানার ওসি ফিরুজ আল জালাল বলেন, ওই তিনজনের লাশ জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।