কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় দুজন এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় একজনসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবারের এ দুই দুর্ঘটনাসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ মোট আটজন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ১২১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৫। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
কুমিল্লার বুড়িচং উপজেলার কালা কচুয়া ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস গতকাল দুপুরে উপজেলার কালা কচুয়া খন্দকার ফুড গ্যালারি এলাকায় যাত্রাবিরতি শেষে বের হচ্ছিল। এ সময় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা খেলে আরোহী দুই ব্যক্তি বাসে চাপা পড়েন। তাঁদের একজন চান্দিনা উপজেলার সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান। অন্যজনের পরিচয় জানা যায়নি।
এর আগে সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি লরি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ফলবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সিরাজুল ইসলাম (৬০) মারা যান। তাঁর বাড়ি চাঁদপুর জেলার কচুয়ায়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে দুপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ওপর কাত হয়ে উল্টে পড়ে। ফলে শিশুসহ ওই বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তারা হলো আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল গ্রামের মোহন ফকিরের নয় মাস বয়সী ছেলে আল জাবেদ ফকির এবং ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার এসকেন্দার ফরাজি (৪৮)। এদিকে ওই বাসের আহত যাত্রী মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী গ্রামের পাখি সরদার (৬০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর পাকা রাস্তায় বিকেলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম মো. জামিল আহমেদ ওরফে রাসেল (৩৮)। একটি অ্যাগ্রোফিশারিজ কোম্পানির বিপণন কর্মকর্তা রাসেল গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরভোরামারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
ফেনীর দাগনভূঞার তুলাতলি বাজার এলাকায় বিকেলে ট্রাকচাপায় মো. সেলিম (৩০) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন। তিনি রামনগর গ্রামের মো. হোসেনের ছেলে।