তিন মোড় 'জঞ্জাল'মুক্ত করার উদ্যোগ
সিলেট নগরের ব্যস্ততম তিনটি মোড়—সিটি পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা। কেন্দ্রস্থলের এ তিন মোড়ে বৈদ্যুতিক তার ও খুঁটির বিশৃঙ্খল অবস্থা ‘জঞ্জাল’ নামেই অভিহিত হচ্ছিল। এ কারণে নাগরিক ভোগান্তিও কম ছিল না।
তিনটি মোড় থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সিটি করপোরেশন।
গত রোববার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন যৌথভাবে একটি জরিপের মাধ্যমে সব বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে তার মাটির নিচ দিয়ে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করে। জরিপ চলাকালে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার ‘সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প’ পরামর্শক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। জরিপ শেষে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনটি মোড় পরিদর্শন করেন।
মেয়র জানান, তিনটি মোড় নগরের কেন্দ্রস্থল। এ তিন মোড়কে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে নাগরিকেরাই দাবি তুলেছেন। মাকড়সার জালের মতো থাকা বৈদ্যুতিক তারগুলো অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করার পর অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। নতুন বছরের শুরুর দিকে এ কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
এ কাজে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও সিটি করপোরেশনের সঙ্গে একাত্ম হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘জাইকার অর্থায়নে বাংলাদেশের ময়মনসিংহে ও সিলেটে বিদ্যুৎ বিভাগের উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে জেনে আমি তাদের সাথে যোগাযোগ করি। তাদের এই প্রকল্পের আওতায় চৌহাট্টা-জিন্দাবাজার-সিটি পয়েন্ট পর্যন্ত সড়কের বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করি। তারা আমার আহ্বানে সাড়া দেয়। এ লক্ষ্যে ২ নভেম্বর সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি এই কাজ সম্পন্ন করতে সম্মতি প্রকাশ করেছেন।’
সিলেটে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও পুনঃস্থাপনসহ বিদ্যুতের উন্নয়নে ‘সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প’ চলমান রয়েছে। এ প্রকল্পের পরিচালক মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, সিলেট নগরে এ ধরনের প্রকল্প প্রথমবারের মতো হচ্ছে। এর আগে ঢাকার একাধিক স্থান ও চট্টগ্রামে এ ধরনের কাজ সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে সুন্দরভাবেই এ কাজ বাস্তবায়ন সম্ভব হবে।