তিন যুদ্ধাপরাধীর সন্তানদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া বিএনপি ও জামায়াতের তিন নেতার ছেলেদের গত এক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁদের পরিবার। তবে তাঁদের আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে পুলিশ ও র্যা ব। অন্য কেউ তাঁদের ধরে নিয়ে গেছে কি না, এ বিষয়েও কিছু বলছে না বাহিনীগুলো।
আমৃত্যু কারাভোগের সময় মারা যাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে গত সোমবার রাতে রাজধানীর মগবাজারের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ ও র্যা বের পক্ষ থেকে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করা হয়েছে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর ছেলে আইনজীবী মীর আহমদ বিন কাসেম আরমানকে ৯ আগস্ট রাতে তাঁদের মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নেওয়া হয় বলে জানিয়েছে পরিবার।
আইনজীবী আহমদের আগে ৪ আগস্ট দুপুরে মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে যাওয়ার সময় হুম্মাম কাদের চৌধুরীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেওয়া লোকজন ধরে নিয়ে যান বলেও অভিযোগ ওঠে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম। গত বছরের ২১ নভেম্বর রাতে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হয়।
কোনো আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই তাঁদের দুজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেনি। তাঁদের দুজনেরই এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল। তাঁকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁর যুক্তরাজ্যপ্রবাসী ভাই সালমান আল আযমী নিজের ফেসবুক পাতায় ‘আবদুল্লাহহিল আমান আযমীর গ্রেপ্তার পরিবারের বিবৃতি’ নামে একটি পোস্ট লিখেছেন। সেখানে সালমান বলেছেন, সোমবার রাত আটটার দিকে ৩০ জনেরও বেশি সাধারণ পোশাকের লোকজন তাঁদের মগবাজারের বাসায় আসে। তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখায়নি এবং কেন গ্রেপ্তার করা হচ্ছে তা-ও বলেনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে গ্রেপ্তার করিনি।’