চট্টগ্রাম নগরের রউফাবাদ এলাকায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত কাউকে গত দুদিনেও শনাক্ত করা যায়নি। এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সে বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ। গতকাল দুবাই থেকে দেশে ফিরে নিহত পারভীন আক্তারের স্বামী নুরুল আলম অজ্ঞাতপরিচয় তিন যুবককে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছেন।
গত শনিবার রাত নয়টার পর রউফাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে পারভীন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে (১১) ঘরের টয়লেটে দুর্বৃত্তরা আটকে রাখে। ওই ফ্ল্যাট থেকে চার ভরি সোনা ও নগদ ৬ হাজার টাকা খোয়া যায়। ঘটনার দিন রাতে পুলিশ নিহত পারভীনের ভাশুরের ছেলে মামুনসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ঘটনার সময় তারা ওই বাসার ছাদে আড্ডা দিচ্ছিল। গত রোববার রাতে মামুন ছাড়া বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নিহত নারীর স্বামী কাউকে সন্দেহ করতে পারছেন না। মামলার এজাহারেও কারও নাম উল্লেখ করেননি। জিজ্ঞাসাবাদের জন্য আটক তাঁর ভাতিজা মামুনকেও তিনি সন্দেহ করছেন না। বাসার নিচতলার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চার যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের কাউকে গ্রেপ্তার করা গেলে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ডাকাতি, নাকি এর পেছনে পরিবারের লোকজন রয়েছেন—তা বোঝা যাবে।
জানতে চাইলে নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘এটি ডাকাতি নাকি অন্যকিছু, বুঝতে পারছি না। মামুন আমার ছেলের মতো। তাদের সঙ্গে সম্পত্তি নিয়ে পারিবারিক কোনো বিরোধ নেই। এই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত থাকতে পারেন না। যারা ঘরে ঢুকে আমার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে, তাদের ছবি ভিডিও ফুটেজে আছে। পুলিশ তাদের গ্রেপ্তার করলেই আসল রহস্য উদ্ঘাটিত হবে।’
গতকাল দুপুরে রউফাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ওই ভবনে গিয়ে কথা হয় পারভীনের পাশের ফ্ল্যাটের ভাড়াটে বিলকিস আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘শনিবার রাত ১১টার পর শুনতে পাই ডাকাতেরা বাসায় ঢুকে পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার আগে কোনো চিৎকার কিংবা শব্দ শুনতে পাইনি।’
পাশের ফ্ল্যাটের ভাড়াটে চিৎকার না শুনলেও দ্বিতীয় তলায় থাকা মামুন, তাঁর ভাই মাসুদ কীভাবে নিহত পারভীনের ছেলের চিৎকার শুনতে পেয়েছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাসায় তখন ফ্যান চলছিল। ফ্যানের শব্দের কারণে হয়তো বাইরের কোনো শব্দ শোনা যায়নি।’
দ্বিতীয় তলায় মামুনদের পাশের ফ্ল্যাটের ভাড়াটে আফরোজা খানম বলেন, ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি স্বামীকে নিয়ে শপিং করতে যান। বাসায় ফেরার পর রাত ১১টার পর শুনতে পান পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে কে বা কারা।