তিন যুবক তিন মাস ধরে নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তিন যুবক তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। এসব ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ যুবকেরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ফজলে রাব্বি (২৪), সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের রতন চন্দ্র সরকার (৩৫) ও লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মহিউদ্দিন (২৪)। গত ১৪ এপ্রিল ফজলে রাব্বি নিখোঁজ হন। এ ব্যাপারে পরিবার ১৬ এপ্রিল আশুগঞ্জ থানায় জিডি করে। ২৫ এপ্রিল নিখোঁজ হন রতন চন্দ্র সরকার। ২৬ এপ্রিল এ ব্যাপারে একই থানায় জিডি কর হয়। আর ২৯ এপ্রিল নিখোঁজ হন মহিউদ্দিন। এ ব্যাপারে গত ২৫ মে থানায় জিডি করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন সাংবাদিকদের বলেন, জিডিগুলোর তদন্ত চলছে। ওই তিনজন কোথায় আছেন, তা শনাক্ত করার চেষ্টা চলছে।