তিন লবণ কারখানা ভস্মীভূত
চট্টগ্রামে আগুন লেগে তিনটি লবণ পরিশোধনাগার (ক্র্যাশিং) ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকালে নগরীর মাঝিরঘাটে অগ্নিকাণ্ডের এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে তৈয়বিয়া সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রিজ, ইছা মুছা সল্ট ক্র্যাশিং ও ডলফিন সল্ট ক্র্যাশিং। ফায়ার সার্ভিস বলছে, এ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যায়। তবে মালিকেরা দাবি করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সোয়া দশটার দিকে তারা আগুন লাগার খবর পায়। আগুন নেভাতে সাতটি গাড়ি অংশ নেয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তৈয়বিয়া সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রিজের মালিক সাদেক মিয়া বলেন, ‘মেশিন লবণসহ আমার একারই ক্ষতি হয়েছে ২৫ লাখ টাকার ওপরে।’
ক্ষতিগ্রস্ত কারখানাগুলো পরিশোধিত লবণ বস্তা আকারে বড় বড় কোম্পানির কাছে সরবরাহের পাশাপাশি আঞ্চলিক বাজারে প্যাকেটজাত করে বিক্রি করত। পরিপূর্ণ প্রস্তুত হয়ে লবণ বাজারে আসতে দ্বিতীয় যে দফা অতিক্রম করতে হয়, তাই হলো এই ক্র্যাশিং পদ্ধতি।