বান্দরবানের লামার ফাঁসিয়াখালী রাবার বাগানের অপহূত শ্রমিক মংথুই মারমাকে গতকাল মঙ্গলবারও উদ্ধার করা সম্ভব হয়নি।
সন্ত্রাসীরা গত সোমবার রাতে তাঁকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে বাগানের মালিক জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের বিজিবি ক্যাম্প থেকে দেড় কিলোমিটার দূরে খেদার আগা এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশারের রাবার বাগান থেকে মংথুই মারমাকে অপহরণ করে নিয়ে যায়। খায়রুল বাশার বলেন, রামু উপজেলার লুৎফর রহমানের ছেলে শহীদের নেতৃত্বে চার-পাঁচজন রোহিঙ্গা অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা এখন তার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ফাঁসিয়াখালীর ইউপি চেয়ারম্যান জাকের মজুমদার বলেন, দরিদ্র মংথুই মারমাকে অপহরণ করার পর মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। লামা থানার ওসি শাহাজাহান ভূঁইয়া বলেন, থানায় মামলা করার জন্য কেউ আসেনি।