তিন লাখ টাকায় সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যায় বেসরকারি হাসপাতালে নবীন চিকিৎসকদের অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনা তিন লাখ টাকায় মিটমাট করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এ সমঝোতা হয়। পারিবারিক সূত্র জানায়, গত রোববার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি উকিলকান্দি গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী সানজিদা আক্তারের (২০) প্রসব ব্যথা ওঠে। তাৎক্ষণিকভাবে তাঁকে ডামুড্যা উপজেলা সদরের হাজী আলী আজম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এ সময় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আরেফিন ও শারমিন জাহান তাঁর অস্ত্রোপচার করেন। সকাল ১০টার দিকে তিনি মারা যান। সানজিদার পরিবার চিকিৎসকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন তাঁদের মামলা করা থেকে বিরত রাখেন। ওই রাতেই সানজিদার পরিবারকে তাঁরা তিন লাখ টাকা দিয়ে ঘটনাটির মীমাংসা করেন। আরেফিন ও শারমিন জাহান এ টাকা দেন।
সানজিদার বাবা তরফ আলী সরদার বলেন, এখন আর মামলা করে কী হবে। ডাক্তাররা কিছু টাকা ক্ষতিপূরণ দিয়েছেন।
আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিন বলেন, ‘মামলা করলে তো আর মেয়েটি ফেরত আসবে না। উভয় পক্ষ আমাদের কাছে আসায় কিছু টাকা দিয়ে সমঝোতা করে দিয়েছি।’
উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, মেয়েটির বাবার সম্মতিতে সমঝোতা করা হয়েছে। দুজন চিকিৎসক তাদের তিন লাখ টাকা দিয়েছেন। এ ঘটনা নিয়ে তাঁরা (মেয়ের বাবা) মামলা-মোকদ্দমা করবেন না মর্মে লিখিত দিয়েছেন।
শরীয়তপুরের সিভিল সার্জন মশিউর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রসূতির মৃত্যুতে যাঁদের অবহেলা ছিল, তাঁদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।