তিন লাখ মানুষের জন্য চিকিৎসক পঁাচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র তিনজন৷ উপজেলার ১২টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের ১০টিতেই কোনো চিকিৎসা কর্মকর্তা নেই৷ ফলে উপজেলার তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়েছে৷
চিকিৎসকসংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নয়টি পদ আছে৷ কিন্তু এখানে কর্মরত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও প্রেষণে আসা পোড়াগাঁও ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের একজন চিকিৎসক৷ শূন্য পদগুলো হচ্ছে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), অবেদনিবদ, সার্জারি, শিশু বিশেষজ্ঞ, চিকিৎসা কর্মকর্তা ও ডেন্টাল সার্জন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফরিদুজ্জামান ২০১১ সালের জুলাই মাস থেকে অনুপস্থিত রয়েছেন৷ বহির্বিভাগে প্রতিদিন ৩০০-৪০০ রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসকসংকটের কারণে অধিকাংশ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।
গত ৯ মে সরেজমিনে দেখা গেছে, অন্তর্বিভাগে ৪০ জন রোগী ভর্তি আছেন। জরুরি ও বহির্বিভাগের জন্য রয়েছেন একজন চিকিৎসক। সকাল সাড়ে ১০টার সময় চিকিৎসা নিতে আসা নারীরা চিকিৎসকের কক্ষের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু ওই সময় কক্ষে চিকিৎসক ছিলেন না। একজন জানালেন, চিকিৎসাপত্র রেখে চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান রোগী দেখতে জরুরি বিভাগে গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন আর রশিদ বলেন, ‘জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগে ভর্তি হওয়া রোগীদের চাপে প্রতিনিয়ত আমাদের হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসকসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’