তিন লাখ মেট্রিক টন লবণ সরকারিভাবে কেনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চাষিদের কাছ থেকে সরকারিভাবে অন্তত তিন লাখ মেট্রিক টন লবণ কেনার জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন জেলার লবণচাষি, পাইকারি ব্যবসায়ী ও কারখানার মালিকেরা। গতকাল সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে লবণ চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় জেলার লবণচাষি, ব্যবসায়ী, লবণ মিল মালিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের আটজন উপসচিব পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। সভায় কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা বলেন, কক্সবাজারে মাঠ পর্যায়ে প্রতি কেজি লবণ দুই টাকায় বিক্রি হলেও বাজারে প্যাকেটজাত লবণ ২০ টাকার বেশি দামে বিক্রি হয়। দামের এই বিশাল পার্থক্য কমিয়ে আনা হচ্ছে না বলে চাষিরা লবণ উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছেন। তিনি লবণ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত জেলার প্রায় পাঁচ লাখ মানুষের স্বার্থে বাজেটে সরকারিভাবে তিন লাখ মেট্রিক টন লবণ কেনার জন্য অর্থ বরাদ্দ রাখার দাবি তোলেন। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, একটি চক্র বিদেশ থেকে শিল্প লবণের নামে বিপুল পরিমাণ লবণ নিয়ে এসে বাজার নষ্ট করছে। তিনি বলেন, সরকার সম্প্রতি লবণ-নীতিমালা চূড়ান্ত করলেও তা কার্যকর হচ্ছে না। টেকনাফের লবণচাষি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, বাণিজ্যমন্ত্রী সম্প্রতি চার টাকা দরে লবণ কেনার নির্দেশ দিলেও মাঠ পর্যায়ে সে দামে কেউ লবণ কিনছে না। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূরুল আলম নিজামী বলেন, লবণ চাষের জন্য একটি নীতিমালা থাকা প্রয়োজন। সভায় কক্সবাজার চেম্বার অ্যান্ড কমার্সের সহসভাপতি মো. আবদুল শুক্কুর, আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম চৌধুরী, বিসিক কক্সবাজারের লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের ডিজিএম ইসমাইল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক উপসচিব মো. সাজ্জাদুল হাসান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল ওয়াহেদ চৌধুরী, প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এস এ আবুল কালাম আজাদ, ডিটিসিবির পরিচালক (প্রশাসন) মো. আমজাদ হোসেন খান প্রমুখ।