তিন লাখ লিটার দুধ সরবরাহ করেছে মিল্ক ভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে মিল্ক ভিটার তরল দুধ ও দুগ্ধজাত পণ্যের পর্যাপ্ত সরবরাহের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পবিত্র রমজানের শুরুতে বাজারে মিল্ক ভিটার তরল দুধ সরবরাহ করা হয়েছে তিন লাখ লিটার। এ হিসাবে পুরো রমজানে মিল্ক ভিটা রাজধানীসহ বড় শহরগুলোতে প্রায় এক কোটি লিটার দুধ সরবরাহের পরিকল্পনা করেছে।

রমজানে দুগ্ধ সরবরাহ নিশ্চিতকল্পে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আবদুল কাদের সরকার গত বৃহস্পতিবার তেজগাঁওয়ের মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে পরিবেশক, দুগ্ধ বিতরণকারী সমিতিগুলোর প্রধান এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সমবায় সচিব ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে দুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় অন্যান্যের মধ্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. হুমায়ূন খালিদ বক্তব্য দেন।

মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী জানান, ‘এ বছর মিল্ক ভিটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে উৎপাদন ও সরবরাহ তদারকের জন্য ‘দিবা-রাত্রি বিশেষ দায়িত্ব’ প্রদান করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের কর্ম-উদ্দীপনা বাড়াতে গত সপ্তাহে ‘বিশেষ উৎপাদন ভাতা’ বাবদ সোয়া কোটি টাকা দেওয়া হয়েছে।’ বিজ্ঞপ্তি।