তিন লাখ সরকারি পাঠ্যবই উদ্ধার, দুজনের কারাদণ্ড
ফরিদপুরে ২০১৬ সালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে বিতরণ করার সরকারি তিন লাখ বই জব্দ করেছে র্যাব-৮-এর একটি দল। বইগুলো কেনার জন্য দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে সরফরাজ শেখের নিজস্ব গুদামঘরের সামনে থেকে বইগুলো উদ্ধার করা হয়। তবে বইগুলো কীভাবে বিক্রি করা হলো, তা খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামছুল আলম।
সাজাপ্রাপ্ত ওই দুই ক্রেতা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাহেবপাড়ার সরফরাজ শেখ (৪০) ও ফরিদপুরের গোয়ালচামট কলোনি এলাকার শেখ রমজান (৬০)।
এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী হাকিম মো. মতিউর রহমান। নির্বাহী হাকিম প্রথম আলোকে বলেন, আদালতের মাধ্যমে যাঁদের সাজা দেওয়া হয়েছে, তাঁরা ওই বইগুলোর ক্রেতা এবং তাঁদের জিম্মায় বইগুলো পাওয়া গেছে।
র্যাব-৮ ফরিদপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় কয়েক ব্যক্তি সরকারি পাঠ্যপুস্তক বিক্রির কার্যক্রম চালিয়ে আসছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোল্লা বাড়ি সড়কে মো. সরফরাজ শেখের নিজস্ব গুদামঘরের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের মাধ্যমিক শ্রেণির সরকারি পাঠ্যবইসহ আটক করা হয়। তিনি আরও বলেন, এ বইগুলোর মধ্যে ২০১৬ সালের প্রায় তিন লাখ কপি রয়েছে। তিনি বলেন, জব্দ করা পাঠ্যবইয়ের ব্যাপারে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তারী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ২২ মার্চ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের বইগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি বই আনার সময় ১০ ভাগ বাড়তি চাহিদা দেওয়া হয়। এ জন্য যেসব বই উদ্বৃত্ত থেকে যায়, সেগুলো পরে নিলামে বিক্রি করে দেওয়া হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপন অনুযায়ী ২০১৬ সালের বই বিক্রি করার কথা নয়। ২০১৬ সালের বই কীভাবে ওই গুদামে এল, তা বোধগম্য নয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, প্রজ্ঞাপন লঙ্ঘন করে ২০১৬ সালের সরকারি পাঠ্যবইগুলো কীভাবে বিক্রি করা হলো, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।