তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবঞ্চিত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের পর থেকে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সাড়ে তিন লাখের বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।স্থানীয় লোকজন জানান, বিদ্যুৎ না থাকায় কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী, জিনজিরা, আগানগর, মান্দাইল, কালীগঞ্জ, চুনকুটিয়া, খেজুরবাগ, গোলামবাজার ও হাসনাবাদ এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। বিত্তবানেরা বাজার থেকে পানি কিনে ব্যবহার করলেও নিম্ন আয়ের লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। কয়েকটি স্থানে সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে জেনারেটরের সাহায্যে পানি তুলে বিতরণ করা হচ্ছে।খেজুরবাগ এলাকার বাসিন্দা রহমত আলী বলেন, ‘বিদ্যুৎ না থাকায় পানি তুলতে না পেরে বাধ্য হয়ে বাজার থেকে পানি কিনে ব্যবহার করছি।’ দোহারের বাসিন্দা মলিনা মঞ্জুর বলেন, ‘প্রচণ্ড গরমে সবাই কষ্ট পাচ্ছি। ফ্রিজে রাখা মাংস-মাছ নষ্ট হয়ে যাচ্ছে।’ নবাবগঞ্জের ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, ফ্রিজে রাখা আইসক্রিম যেভাবে গলে যাচ্ছে তাতে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।বেসরকারি উদ্যোগে হাসনাবাদ, মিরেরবাগ, ইকুরিয়া এলাকায় ১০ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি, পাঁচ হাজার মোমবাতি ও পাঁচ হাজার দিয়াশলাই বিতরণ করা হয়। এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রায় ৫০ হাজার লিটার পানি বিতরণ করা হয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা-২-এর নবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক এ জেড এম আজাদ বলেন, তাঁদের অধীনে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার প্রায় তিন লাখ ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। হাসনাবাদ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. নাজিমউদ্দিন বলেন, ‘কাজ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ উপকেন্দ্রটি সচল হবে বলে আশা করছি।’