গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন শ্রমিকের লাশ ডিএনএ টেস্টে শনাক্ত হয়েছে। আজ বুধবার নিহত তিনজনের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো বুঝে নেন।
শনাক্ত হওয়া লাশগুলো হলো কারখানার সহকারী রিয়াজ হোসেন মুরাদ (২১) ও রফিকুল ইসলাম এবং মেশিন অপারেটর রেদোয়ান আহমদ। রিয়াজের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের শিবপুর গ্রামে, রফিকুলের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরের মেসারা গ্রামে এবং রেদোয়ানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণ কানিসাইল গ্রামে।
এ ব্যাপারে গাজীপুরের টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, তিনটি লাশ শনাক্ত হয়েছে। বাকিগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত লোকজনের মধ্যে ৩২ এবং আহতদের মধ্যে ৩৯ জনের পরিবারকে আগামীকাল বৃহস্পতিবার আর্থিক সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় টঙ্গীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় প্রাঙ্গণে চেক হস্তান্তর করবেন।
খাদ্য ও কসমেটিক পণ্য মুড়ে রাখার অ্যালুমিনিয়াম ফয়েল প্রস্তুতকারী এই কারখানায় গত বছরের ১০ সেপ্টেম্বর সকালে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৪২ জন নিহত হন, যাঁর মধ্যে কারখানার কর্মী ৩৭, পথচারী ৩, রিকশাওয়ালা ১ এবং কারখানার লাগোয়া বস্তিতে বসবাসকারী ১৪ বছরের এক কিশোর। আহত হন কমপক্ষে ৪০ জন। ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়দায়িত্ব নিরূপণে শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং গাজীপুর জেলা প্রশাসন পৃথক তিনটি কমিটি গঠন করে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া আটটি লাশ স্বাভাবিকভাবে শনাক্ত করে তাঁদের পরিবার। এরপর লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রধান সহকারী এস এম সোলায়মান তালুকদার প্রথম আলোকে বলেন, আটটি লাশ শনাক্তের জন্য পাঠানো হয়েছিল। এর বিপরীতে আবেদন ছিল নয়টি। একটি লাশের কোনো সন্ধানই পাওয়া যায়নি।
শনাক্ত হওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তাঁদের স্বজনেরা। রিয়াজ হোসেনের লাশ বুঝে নেন ফুপাতো বোন তানিয়া আক্তার। তিনি বলেন, ‘ছয় মাস ধরে আমরা কাঁদছি। লাশ হয়তো পেলাম। কিন্তু আমরা এই শোক সইব কীভাবে।’
রেদোয়ানের ছোট ভাই সুফিয়ান বলেন, ‘ভাইয়ের লাশ শনাক্ত করতে বাবা রক্ত দিয়েছিলেন। এখন ভাইয়ের এমন লাশ নিয়ে যাচ্ছেন যেখানে তাকে চেনাই যায় না।’ বাবা, পরিবার বা নিজেকেই কী দিয়ে তিনি সান্ত্বনা দেবেন তা-ই খুঁজে পাচ্ছেন না।
রফিকুল ইসলামের লাশ বুঝে নেন তাঁর স্ত্রী নার্গিস। রফিকুল ছিলেন এক ছেলে ও এক মেয়ের জনক। ছয় মাস ধরে এই নারী স্বামীর লাশের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। লাশ পেয়েও তিনি শোকে পাথর। তিনটি পরিবারই জানিয়েছে, লাশগুলো তারা গ্রামের বাড়িতে নিয়ে দাফন করবে।
এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের দুই লাখ করে এবং আহত ৪০ জনের মধ্যে ৩০ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে এবং ৯ জনের পরিবারের সদস্যদের মধ্যে ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হবে।