ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৩০০ একর জমিতে আমন চাষ হচ্ছে না। এক মাস আগে জলোচ্ছ্বাসের কবলে পড়ে রাঙাখালীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে আমন চাষ করতে না পেরে এলাকার দুই শতাধিক কৃষক এখন বেকার দিন কাটাচ্ছেন।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ইউনিয়নের রাঙাখালীর ১০০ মিটার বেড়িবাঁধ ভেঙে সাগরে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে ফুলজানমোরা, মাইজপাড়া, মগডেইল, দক্ষিণ রাজঘাট ও সাইবারডেইল গ্রাম প্লাবিত হচ্ছে। লোকালয়ে জোয়ার-ভাটার কারণে ৩০০ একর জমিতে স্থানীয় চাষিরা আমন চাষ করতে পারছেন না।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, রাঙাখালীর প্রায় ১০০ মিটার বেড়িবাঁধ ভাঙা। বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এ ছাড়া পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ।
মগডেইল এলাকার কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আমির হোসেন বলেন, ‘আমন চাষ করার জন্য কয়েকবার বীজতলা তৈরি করেছিলাম। কিন্তু জোয়ারের লবণাক্ত পানির কারণে এখন চাষ করা সম্ভব হচ্ছে না।’
আরেক কৃষক সরওয়ার আলম জানান, আমন চাষ না হওয়ায় কৃষকেরা বেকার জীবন যাপন করছেন। অথচ বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম বলেন, এখনো আমন চাষের সময় আছে। আগামী ১৫ দিনের মধ্যেও বাঁধ সংস্কার হলে এই ৩০০ একর জমিতে চাষ করা সম্ভব।
এ প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে গত সোমবার রাতে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান বলেন, বৃষ্টি কমলেই ভাঙা বেড়িবাঁধ মেরামত করার জন্য উদ্যোগ নেওয়া হবে।