তিন শ পাখির পায়ে পরানো হলো রিং
মৌলভীবাজারের হাকালুকি হাওরে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক পরিযায়ী পাখির পায়ে রিং পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাখিদের গতিবিধি পর্যবেক্ষণকারী সংগঠন ‘বাংলাদেশ বার্ড ক্লাবের’ উদ্যোগে পরিযায়ী পাখিদের পায়ে রিং পরানোর এ কার্যক্রম পালিত হয়। সাত দিন ধরে চলা এ কার্যক্রম গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
বার্ড ক্লাব সূত্র জানায়, সংগঠনের সভাপতি ইনাম আল হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ১৮ ফেব্রুয়ারি থেকে হাওরের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলা অংশের বিভিন্ন বিলে গিয়ে পাখিদের ধরে এ রিং পরানোর কার্যক্রম শুরু করে। দলটিতে অন্যান্যের মধ্যে ছিলেন ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ বিল জোনস ও স্টিভেন স্যামওয়ার্থ। পাতারি, তিলা-ঝাড়, পালাসি-ফড়িং, বৈকাল-ঝাড় ও লালচাঁদি ফুটকি জাতের পাখির পায়ে রিং পরানো হয়।
ক্লাবের সভাপতি ইনাম আল হক গত বুধবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, হাকালুকিতে ৩৩ প্রজাতির ৩৭০টি পরিযায়ী পাখির পায়ে বিশেষ ধরনের রিং পরানো হয়েছে। এসব পাখি সাধারণত কিছু সময় বাংলাদেশে অবস্থান করে। এরপর তারা উত্তরের সাইবেরিয়া ও হিমালয় পর্বতের দিকে চলে যায়। বাংলাদেশ ত্যাগের পর এসব পাখি যেখানে অবস্থান করবে একটি সফটওয়ারের মাধ্যমে ইন্টারনেটে সে তথ্য জানা যাবে। ২০১০ সাল থেকে এ কার্যক্রমটি চলছে বলে জানান এই পাখি বিশেষজ্ঞ।