তিন শ মিটারে পাঁচটি স্ট্যান্ড, দুর্ভোগ
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের থানা সড়কের ওপর গড়ে উঠেছে পাঁচটি অস্থায়ী স্ট্যান্ড। এতে উপজেলা শহর ও এর আশপাশের দুই সহস্রাধিক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। তবে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সমস্যা বেশি হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও মোহনগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের বসুন্ধরা মোড় থেকে আল-মবিন রোডের সামনের সড়ক পর্যন্ত বিস্তৃত থানা সড়কের দৈর্ঘ্য ৩০০ মিটার। তিন বছর আগে সড়কের ওপর অটোরিকশা, অবৈধ যান ভটভটি, রিকশা, লেগুনা ও মোটরসাইকেলের স্ট্যান্ড গড়ে তোলা হয়। এসব যানবাহনের চালক ও মালিকেরাই তাঁদের সুবিধার জন্য এগুলো গড়ে তোলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই সড়কের পাশেই মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সড়ক দিয়েই ওই দুটি বিদ্যালয়ের পাশাপাশি মোহনগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, এভারগ্রিন কিন্ডারগার্টেন ও ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে হয়। পাশের ধরমপাশা উপজেলার মানুষজনের মোহনগঞ্জ পৌর শহরে প্রবেশের প্রধান সড়কও এটি। সড়কটির ওপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহনের জটলা লেগে থাকে।
৭ আগস্ট বেলা তিনটায় সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর পাঁচটি স্ট্যান্ডে ৭০-৭৫টি যানবাহন রাখা হয়েছে। পথচারী ও যানবাহনের যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন।
যানবাহনের অন্তত ১০ জন চালক জানান, নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় নিরুপায় হয়ে তাঁদেরকে সড়কের ওপর গাড়ি রাখতে হচ্ছে। এতে নিজেরাও যেমন সমস্যায় পড়ছেন, তেমনিভাবে পথচারীদেরও চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এখানে একটি স্থায়ী স্ট্যান্ড নির্মাণের দাবি জানান।
মোহনগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চায়না আক্তার ও মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানি আক্তার বলে, ওই সড়কের যেখানে-সেখানে গাড়ি রাখায় চলাচলে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে শিক্ষার্থীরা দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত এখান থেকে স্ট্যান্ড স্থানান্তর করা প্রয়োজন।
দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, তিন বছর ধরে বিদ্যালয়ের পাশের সড়কের ওপর যানবাহনের স্ট্যান্ড গড়ে ওঠায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে নানা বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের আহ্বায়ক মো. শামছুল হক বলেন, ‘একই সড়কে পাঁচটি স্ট্যান্ড থাকায় মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এখান থেকে স্ট্যান্ড স্থানান্তর করে নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড নির্মাণের দাবিতে শিগগিরই আমরা মানববন্ধন করব।’
পৌর মেয়র মো. মাহবুবুন্নবী শেখ বলেন, নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড না থাকায় মানুষজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, স্থানীয় সব পেশার মানুষকে নিয়ে শিগগিরই সভা করে এখানে স্থায়ী স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।