তিন শতাধিক কনটেইনারে বৃষ্টির পানি, ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে থাকা বিপুলসংখ্যক আমদানি পণ্যবাহী কনটেইনারের নিচের অংশে পানি ঢুকেছে। ক্ষতিগ্রস্ত কনটেইনারের সংখ্যা তিন শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কী পরিমাণ আমদানি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তা শনাক্ত করা যায়নি। এসব কনটেইনারের সিংহভাগই পোশাকশিল্পের আমদানি করা কাপড় বলে বন্দর সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার বর্ষণে বন্দরের ১ থেকে ৫ নম্বর পর্যন্ত পাঁচটি ইয়ার্ডে কয়েক ফুট উচ্চতায় পানি জমে ছিল। এ সময় ইয়ার্ডের নিচের স্তরে থাকা কনটেইনারের ফাঁক দিয়ে নিচের অংশে পানি ঢোকে। এতে কনটেইনারের নিচের অংশে থাকা আমদানি পণ্য, বিশেষ করে পোশাকশিল্পের কাপড় ভিজে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কনটেইনার ছাড়াও বন্দরের খোলা পণ্য রাখার স্থান ‘এম’ ও ‘পি’ শেডে পানিতে ভিজে আমদানি পণ্য সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আমদানিকারকেরা ইয়ার্ড থেকে কনটেইনার ডেলিভারি (সরবরাহ) নেওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব জানা যাবে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর উপদেষ্টা (শিপিং) এ এম মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের জানামতে, অন্তত ৫০০ কনটেইনারের নিচের অংশে পানি ঢুকেছে। এ কারণে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়া কনটেইনারের তালিকা দিতে বন্দরকে অনুরোধ করেছি আমরা। এই তালিকা পাওয়া গেলে আমরা বিজিএমইএর সদস্যদের জানিয়ে দিতে পারব, যাতে তাঁরা পণ্যের অবস্থা জেনে দ্রুত সরবরাহ নেন।’ বন্দরের একাধিক সূত্রে জানা গেছে, কর পরিশোধ করে শুল্ক বিভাগের ছাড়পত্র নেওয়া ছাড়া কনটেইনার খোলা যাবে না। এদিকে গতকালও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম কার্যত বন্ধ ছিল। মাত্র তিনটি বড় জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে বলে জানা গেছে। তবে জাহাজ চলাচল এবং জেটিতে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক ছিল।৫০ গুদামের পণ্য ক্ষতিগ্রস্ত: চট্টগ্রাম ওয়্যারহাউস কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের হিসাবে, মঙ্গলবারের ভারী বর্ষণে চট্টগ্রামের ছোট-বড় ৫০টি গুদামে পানি ঢুকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়েছে। এর মধ্যে অলংকার এলাকায় ভিক্টোরিয়া জুট মিলের গুদাম, হালিশহর, মনসুরাবাদ, নাসিরাবাদ এলাকায়ও গুদামে রাখা খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নাসিরাবাদ, পাহাড়তলী ও এক্সেস রোডের আশপাশের গুদামের নিচের দিকে থাকা আমাদের আমদানি করা গম, ডাল ও ছোলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেনেছি। তবে ক্ষয়ক্ষতির পরিপূর্ণ হিসাব এখনো পাইনি।’