কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের দুই পাশের তিন শতাধিক গাছ গত চার মাসে কেটে নিয়ে গেছে বনদস্যুরা। এ ব্যাপারে তদারকির দায়িত্বরত উপজেলা প্রকৌশলীর কার্যালয় বনদস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন জানান, রাতে সড়কের গাছ কেটে বনদস্যুরা বাইরে পাচার করছে। গত চার মাসে তারা এ সড়কের দুই পাশের ছোট-বড় তিন শতাধিক গাছ কেটে নিয়ে গেছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের ছোটমহেশখালী ইউনিয়নের বড় খোলা এলাকায় ছোট-বড় ৫০টি এবং শাপলাপুর ইউনিয়নের কায়দাবাদ, মুকবেকিসহ কয়েকটি স্থানে আড়াই শতাধিক কাটা গাছের গোড়া পড়ে রয়েছে।জানা গেছে, উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের দৈর্ঘ্য প্রায় ২৭ কিলোমিটার। সড়কটি টেকসই করার জন্য ১০ বছর আগে স্থানীয় উপজেলা প্রকৌশলীর কার্যালয় বৃক্ষ রোপণের মাধ্যমে দুই পাশে রেইনট্রি, আকাশমণি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। কিন্তু পাহারা না দেওয়ার কারণে বনদস্যুরা প্রতিনিয়ত ওইসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। গত চার মাসে বনদস্যুরা সড়কের দুই পাশ থেকে ছোট-বড় তিন শতাধিক গাছ কেটে নিয়ে গেছে।শাপলাপুর ইউনিয়নের মুকবেকি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও আবদুল মোনাফ জানান, ২০০২ সালে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সড়কের দুই পাশে গাছ রোপণ করে। বনদস্যুরা রাতের অন্ধকারে এ সড়কের দুই পাশের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু গাছ কাটা বন্ধ করার ব্যাপারে উপজেলা প্রকৌশলীর কার্যালয় কোনো উদ্যোগ নিচ্ছে না। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘এসব গাছ পাহারা দেওয়ার দায়িত্ব স্থানীয় ইউনিয়ন পরিষদের। কিন্তু ইউনিয়ন পরিষদ পাহারা না দেওয়ার কারণে বনদস্যুরা রাতের অন্ধকারে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে।’