টানা অবরোধে রংপুর নগরের মাহিগঞ্জে তিন শতাধিক চালকল ও চাতাল বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন এর সঙ্গে জড়িত প্রায় পাঁচ হাজার শ্রমিক। সেই সঙ্গে চালকল মালিকদের প্রতিদিন দেড় কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে।
রংপুর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম বলেন, ‘একটানা অবরোধে আমাদের ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে। ব্যাংকের ঋণ পরিশোধ করা নিয়েও খুব চিন্তায় আছি। কারণ ট্রাকে করে ধান না আসার কারণে চালকল ও চাতালের ব্যবসা বন্ধ।’ এক প্রশ্নের জবাবে আবুল কাশেম জানান, গত ২৫ দিনের টানা অবরোধ-হরতালে তাঁদের ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। অর্থনীতি বিধ্বংসী অবরোধ প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।
চালকল মালিক সূত্রে জানা গেছে, এ সময়টা চালকলগুলোতে রাত-দিন ধান সিদ্ধ, শুকানো ও ভাঙানোর কাজ চলে। এ সময় শুধু নগরের মাহিগঞ্জ এলাকা থেকে প্রতিদিন শতাধিক ট্রাক চাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। একটানা অবরোধের কারণে এখন তা আর হয়ে উঠছে না। এসব চাতাল ব্যবসায়ীদের ধান রংপুরের বিভিন্ন এলাকাসহ বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা ও দিনাজপুর থেকে নিয়ে আসা হয়। অবরোধ আর হরতালের কারণে ব্যবসায়ীরা ধান নিয়ে আসতে পারছেন না। এ কারণে ধানের অভাবে চালকল ও চাতালের কাজও বন্ধ হয়ে গেছে।
চালকল মালিকেরা আরও জানান, মাহিগঞ্জে তিন শতাধিক চালকল ও চাতালের প্রতিটিতে গড়ে ১৫-১৮ জন শ্রমিক কাজ করেন। ধানের অভাবে এখন চালকল ও চাতালে কাজ নেই। ধানের অভাবে চালকল ও চাতালগুলো ফাঁকা পড়ে রয়েছে। এতে বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে চালকল ও চাতাল মালিকদের।
মাহিগঞ্জের ধান-চাল ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, অবরোধে ট্রাকে করে ধান নিয়ে আসতে না পারায় ব্যবসা পুরোদমে বন্ধ রয়েছে। তিনি বগুড়ার মোকামতলা থেকে ধান নিয়ে আসেন। কিন্তু অবরোধ আর হরতালে ট্রাক আসতে চাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবসা বন্ধ রাখতে হয়েছে। এখন পুঁজি ভেঙে খরচ চালাতে হচ্ছে।
জলিল রাইস মিলের মালিক জলিল মিয়া বলেন, ‘এবারের মতো এই ব্যবসায় আগে কখনো ধস নামেনি। এর ফলে বিপুল অঙ্কের লোকসান গুনতে হবে আমাদের।’ লোকমান রাইস মিলের মালিক লোকমান মিয়া বলেন, ‘চাতালকল বন্ধ থাকলে শ্রমিকদের বেতন দেওয়া কি সম্ভব? এর পরও কিছু কিছু শ্রমিকের দুরবস্থায় তাঁদের মুখের দিকে তাকিয়ে বেতন দেওয়া হয়েছে।’
মাহিগঞ্জের বেশ কিছু চাতালের শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। এর মধ্যে রহিমা বেগম (৪৫) বলেন, ‘অবরোধ লাগছে থাকি কাজ কাম নাই। এমন করি চইলবার থাকলে হামারগুলার সংসার চালা কষ্টকর হয়া যাইবে।’ বাবলা রাইস মিলের শ্রমিক ছকিনা খাতুন (৫০) বলেন, ‘এবারের মতো হামরা এত বিপদোত (বিপদ) আর কখনো পড়ি নাই।’