তিন শতাধিক চিংড়িঘের মালিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় বেড়িবাঁধ কেটে চিংড়িঘেরে লবণ পানি তোলার অভিযোগে শ্যামনগরের ৩০৪ জন ঘেরমালিকের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্যামনগর শাখার উপসহকারী প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার বাদী হয়ে গত ৭ জুন শ্যামনগর থানায় এজাহার দেন। এর ৪০ দিন পর গত মঙ্গলবার পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে।পাউবো শ্যামনগর অঞ্চলের উপসহকারী প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার জানান, ২০০৯ সালের আইলার আঘাতে চারদিকে নদীবেষ্টিত বেড়িবাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়। পরে সরকারি উদ্যোগে বেড়িবাঁধ পুনর্নির্মাণের পর বাঁধ না কাটার জন্য চিংড়িচাষিদের নোটিশ দেওয়া হয়। কিন্তু মামলার আসামিরা বিভিন্ন স্থানে বাঁধ কেটে পাইপ কল, বাক্স কল ও ওভার পাইপ বসিয়ে নদীর লবণ পানি উত্তোলন অব্যাহত রাখেন। পরবর্তী সময়ে গত ২৯ ফেব্রুয়ারি ৩৬৪ জন ও ১৫ মার্চ আরও ১২০ জন ঘেরমালিককে নোটিশ দিয়ে ওই সব পাইপ ও বাক্স কল অপসারণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নোটিশ পাওয়াদের মধ্যে ১৮০ জন ছাড়া অন্যরা পাইপ অপসারণ না করায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।চিংড়িঘের মালিক শেখ আফজালুর রহমান জানান, বছরের শুরু থেকেই বিশ্ববাজারে মাছের দাম কমে যাওয়া ও ভাইরাসের আক্রমণে ব্যবসায়ীরা দুশ্চিন্তায়। তার ওপর গণহারে মামলা এ শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সাতক্ষীরা চিংড়ি চাষ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, পাউবোর নকশা অনুযায়ী স্লুইস গেট নির্মাণ করে নদী থেকে চিংড়িঘেরে পানি তোলা হচ্ছে। তারপর পাউবোর কর্মকর্তারা নানাভাবে হয়রানি করছেন। পানিসম্পদ মন্ত্রণালয় বলছে, বেড়িবাঁধ কেটে পানি তোলা যাবে না। পানি না তুলতে পারলে চাষিরা চিংড়ি চাষ করবেন কীভাবে? আবার উপকূলীয় এসব জমিতে চিংড়ি চাষ ছাড়া অন্য ফসল হয় না। এ ব্যাপারে কোনো সুষ্ঠু নীতিমালা নেই।’শ্যামনগর থানার ওসি আমীর তৈমুর জানান, বেড়িবাঁধ কেটে পোল্ডারের অভ্যন্তরে লবণ পানি উত্তোলনের অভিযোগে পাউবোর পক্ষ থেকে মামলা হয়েছে।