ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে তিনটি ফেরি আছে। এর মধ্যে একটি পাঁচ দিন ধরে বিকল। এতে যানবাহন নিয়ে মেঘনা নদী পারাপারে সমস্যা হচ্ছে। দুই পাড়ে তিন শতাধিক ট্রাক আটকে আছে। ভোলা-ইলিশা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে কনকচাঁপা ও কুসুমকলি নামের ২টি ফেরি চলাচল করছে। ২টি ফেরি প্রতিবার ২০টি ট্রাকের বেশি পারাপার করতে পারে না। এরপর এক-দুই ট্রিপে যাত্রীবাহী বাস পারাপার করতে হয়। এদিকে নদীতে প্রচণ্ড স্রোত। এ কারণে একটি ফেরি প্রতিদিন মাত্র দুইবার ওপারে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে পারে। এর বেশি ট্রিপ দিতে পারে না। জরুরি বিবেচনায় যাত্রীবাহী বাস পারাপারে গুরুত্ব দেওয়া হয়। এতে করে ট্রাকের সারি ক্রমে দীর্ঘ হচ্ছে।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ভোলা-ইলিশা সড়কের ইলিশ ফেরিঘাট থেকে প্রায় ৩-৪ কিলোমিটার সড়কের এক পাশে মালবোঝাই ট্রাকের সারি। গুণে দেখা গেছে, ফেরিতে পার হওয়ার জন্য সব মিলিয়ে ১৫০টি ট্রাক সেখানে আছে। এদিকে সড়কের অন্য পাশ ভাঙাচুরা ও গর্তে ভরা। এ কারণে যানবাহন চলাচলে সমস্যা হয়। অনেক গাড়ি ছোটখাট দুর্ঘটনার শিকার হয়। ওপারে মজুচৌধুরীর হাট ফেরিঘাট। সেখানেও সমানসংখ্যক ট্রাক আটকে আছে।
আগের দিন শুক্রবার দেখা যায়, ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে ডুবে আছে। এ কারণে যাত্রী ও যানবাহন ওঠানামায় ব্যাপক সমস্যা হচ্ছে। যাত্রীরা নৌকায় ওঠানামা করছেন। আর যানবাহন ভাটার জন্য অপেক্ষা করছে। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর যানবাহন ওঠানামা করে।
ট্রাকশ্রমিক মো. লোকমান প্রথম আলোকে বলেন, তাঁরা ছয় দিন ধরে ইলিশা ফেরিঘাটে আটকা পড়ে আছেন। তাঁদের থাকা-খাওয়া, শৌচাগার ব্যবহারসহ সব কিছু টাকার বিনিময়ে করতে হয়। দুর্গতির সীমা নেই। ফেরি পার হতে যত দিন লাগবে, তত দিন লোকসান গুণতে হবে।
কমপক্ষে ২০ জন ট্রাকচালক বলেন, তাঁরা সাত দিন ধরে এই ঘাটে আটকে আছেন। ইতিমধ্যে তিন-চার হাজার করে বাড়তি টাকা গচ্চা দিয়েছেন। এই ঘাটে ৪-৫টি ফেরি দরকার। বর্তমানে মাত্র ২টি ফেরি চলাচল করছে। তাও আবার ফেরি পারাপারে কয়েক ঘণ্টা সময় লাগে। ঘাট লাগে ২টি। লো ওয়াটার ঘাট ও হাই ওয়াটার ঘাট। কিন্তু আছে ১টি।
মো. মমিন নামের লক্ষ্মীপুরগামী এক যাত্রী বলেন, মেঘনা নদী পারাপারে চার-পাঁচ ঘণ্টা সময় লাগলেও ফেরি নিরাপদ। কিন্তু ফেরি নিয়মিত না চললে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও লঞ্চে যেতে হয়। সিট্রাক চলে অনিয়মিত। দুর্ঘটনার ভয় থাকে।
আরও কয়েকজন যাত্রী বলেন, বরিশাল-ভোলা-চট্টগ্রামের এ পথে যাতায়াত করা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের জন্য সহজ। কিন্তু ফেরি-সংকটের কারণে যাত্রী ও যানবাহনের চালকেরা চরম দুর্গতির মধ্যে পড়েছেন।
কুসুমকলি ফেরির মাস্টার আবদুল মোক্তাদির বলেন, মেঘনা নদীর তীব্র স্রোত উপেক্ষা করে ফেরি চলায় ঘন ঘন ইঞ্জিন বিকল হচ্ছে। তীব্র স্রোতের কারণে বর্তমানে শুকনো মৌসুমের চেয়ে বেশি সময় লাগছে। এতে কম ট্রিপ দিতে হচ্ছে। এ ছাড়া জোয়ারে ২টি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে গেছে। এ কারণে গাড়ি ওঠাতে-নামাতে ঘণ্টার পর ঘণ্টা বিলম্ব হচ্ছে।
বিআইডব্লিটিসির ইলিশা ফেরিঘাট ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, কিষানি নামের ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে পাঁচ দিন ধরে সেটি ডকইয়ার্ডে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরেকটি ফেরি চেয়ে চিঠি লেখা হয়েছে। ফেরি না আসা পর্যন্ত দুই ঘাটে যানজট থাকবেই। এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই।