তিন শতাধিক পটলগাছ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের জমির মালিকের সঙ্গে খেতের মধ্যে আগাছা ফেলা নিয়ে শুক্রবার বিকেলে গোলমাল হয় কৃষক হাফিজুর রহমানের। রাতেই তাঁর ২৫ শতাংশ জমির তিন শতাধিক পটলগাছ কেটে দেয় সন্ত্রাসীরা। শনিবার সকালে খেতের আলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর ধারণা, আগের দিনের গোলমালের কারণে ক্ষিপ্ত হয়ে তাঁর এই ক্ষতি করা হয়েছে। এই কৃষকের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বড়ধোপাদী গ্রামে। হাফিজুর রহমানের পটলখেতে গিয়ে দেখা যায়, কাঁচা গাছগুলো শুকিয়ে আসছে। তাঁর ২৫ শতাংশ জমিতে চার শতাধিক গাছ হয়েছিল। এর মধ্যে তিন শতাধিক গাছ কেটে দেওয়া হয়েছে। কৃষক হাফিজুর রহমান বলেন, শুক্রবার বিকেলে তিনি খেতে গিয়ে দেখেন তার খেতের মধ্যে পাশের জমির মালিক বড়ধোপাদী গ্রামের জামাল হোসেন নিজের খেতের আগাছা ফেলছেন। এ সময় জামাল হোসেনের কাছে তিনি এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে জামাল হোসেন তাঁকে মারতে যান। তিনিও এর প্রতিবাদ করেন। তখন ‘দেখে নেব’ বলে হুমকি দেন জামাল হোসেন। হাফিজুর রহমান আরও জানান, শনিবার সকালে তিনি পটলের খেতে কাজ করতে গিয়ে দেখেন সিংহভাগ গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি প্রতিবেশী কৃষকদের বিষয়টি দেখিয়েছেন। জামাল হোসেন জানান, তাঁর সঙ্গে গোলমাল হয়েছিল ঠিকই কিন্তু তিনি ফসলের ক্ষতি করেননি। তিনি বলেন, এটা খুবই খারাপ কাজ। তিনিও এই ঘটনার বিচার দাবি করেন। বারোবাজার পুলিশ ফাঁড়ির এসআই মোখলেচুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে মামলার পরামর্শ দিয়েছেন। তার পরও এই জঘন্য ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে দেখা হবে।