তিন শতাধিক পানগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে একটি জুমের পানবরজ থেকে গভীর রাতে তিন শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পানবরজের মালিক। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মাদবপুর ইউনিয়নের মাঝের ছড়া পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পানবরজের মালিক আবদুল বারিক বলেন, তিনি একই গ্রামের হারুন মিয়ার একটি লেবুবাগান এক লাখ ৪২ হাজার টাকায় এক বছরের জন্য বন্দোবস্ত নিয়েছেন। এই লেবুবাগান বন্দোবস্ত নিতে ব্যর্থ হয়ে একই গ্রামের জনৈক শাহজাহানের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তিন শতাধিক পানগাছ কেটে নিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। সাধারণ ডায়েরিতে নাম উল্লেখ না করলেও সন্দেহজনক হিসেবে তিনি শাহজাহানের বিষয়টি পুলিশকে জানিয়েছেন।ক্ষতিগ্রস্ত পানবরজের মালিক আরও বলেন, চারা লাগানো থেকে পরিচর্যা করে একটি পানগাছে উৎপাদন পেতে চার বছর সময় লেগে যায়। আর উৎপাদনক্ষম একটি পানগাছ বছরে কমপক্ষে ১২ হাজার টাকার পান দেয়। দুর্বৃত্তরা পানগাছ কেটে ফেলায় তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে।মো. শাহজাহান বলেন, তাঁর মুদির ব্যবসা ছাড়া ছোটখাটো একটি লেবুবাগান রয়েছে। তাঁর ওপর আরোপিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জুমের পানগাছ কেটে ফেলার সত্যতা নিশ্চিত করে বলেন, এর তদন্ত চলছে। তবে ইতিমধ্যে পুলিশ সন্দেহমূলক কয়েকটি নামও পেয়েছে।