তিন শতাধিক বসতভিটাসহ ফসলি জমি নদীতে বিলীন
তিস্তার ব্যাপক ভাঙনে গত ১৫ দিনে রংপুরের পীরগাছা উপজেলার দুটি ইউনিয়নের চারটি গ্রামের প্রায় ৩০০ পরিবারের বসতভিটাসহ ৪০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ।এদিকে যমুনেশ্বরী নদীর ভাঙনে গত এক মাসে তারাগঞ্জ উপজেলার কুর্শা ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের নয়টি গ্রামের ৩৫টি বসতভিটাসহ প্রায় ৩০ একর জমির গাছ বিলীন হয়ে গেছে।পীরগাছা: গত ১৫ দিনে ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের চারটি গ্রামের ৩০০ পরিবারের বসতভিটা ও ৪০০ একর আবাদি জমি তিস্তায় বিলীন হয়েছে। এ ছাড়া শিবদেবচর এলাকায় বেড়িবাঁধের ২৫০ মিটার অংশ ভেঙে গেছে। চররহমত গ্রামের হাজু প্রামাণিক বলেন, ‘গত বছর তিস্তার ভাঙনে আমার বসতভিটা ও এক একর আবাদি জমি বিলীন হওয়ার পর বাড়িঘর অন্যত্র সরিয়ে নেই। সেখানেও এবার রক্ষা হলো না। এবারও ভাঙনের শিকার হয়ে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছি।’ছাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দাদের তিস্তার ভাঙন থেকে রক্ষার জন্য চরতাম্বুলপুর থেকে চরছাওলা পর্যন্ত দেড় কিলোমিটার ভেঙে যাওয়া বেড়িবাঁধটি পুনর্নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস শহীদ বলেন, বরাদ্দ না থাকায় বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।তারাগঞ্জ: গত এক মাসে উপজেলার কুর্শা ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের রহিমাপুর, ঘনিরামপুর, ঝাকুয়াপাড়া, মণ্ডলপাড়া, কাশিয়াবাড়ী, বরাতী, কুমারপাড়া, নারায়ণজন, জলুবার গ্রামের ৩৫টি বসতবাড়ি ও ৩০ একর জমির গাছপালা বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে স্থানীয় উজিয়াল ডাক্তারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াবাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয়, ঝাকুয়াপাড়া ও বালাপাড়া জামে মসজিদ ভবন।রহিমাপুর গ্রামের সেকেন্দার আলী বলেন, ‘বাহে, নদীটা হামাক শ্যাষ করি দেছে। আবাদি জমি সাত বিঘা আছিল, নদীত গেইছে। এলা মাইনষের বাড়িত কাম করি খাবার নাগেছে।’হাড়িয়াকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ইকরচালী বাজার থেকে কাশিয়াবাড়ী বাজারে যাওয়ার কাঁচা রাস্তাটির ২০০ মিটার অংশ পাচানি গ্রামের কাছে এবার ভেঙে নদীগর্ভে চলে গেছে। এতে দুই ইউনিয়নের ৪০ হাজার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুর্শা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, নদীভাঙনের বিষয়ে কয়েকবার সৈয়দপুর পাউবো কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, কিন্তু ফল হয়নি।সৈয়দপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক মুঠোফোনে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।