বগুড়া-৬ (সদর) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাতীয় পার্টির (এরশাদ) সাংসদ নুরুল ইসলামকে গতকাল শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তিন শতাধিক মোটরসাইকেল তাঁকে নিয়ে এক শোভাযাত্রা বের করে। শপথ নেওয়ার পর গতকালই তিনি প্রথম বগুড়ায় আসেন।
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে শহরের প্রবেশপথ বনানীতে নুরুলকে জাতীয় পার্টির নেতা-কর্মী ও সাংসদের এলাকা নারুলীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বাগত জানান। এরপর তিন শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা তাঁকে নিয়ে শহরের নারুলী এলাকায় যায়। নারুলী এলাকাবাসী সেখানে তাঁকে গণসংবর্ধনা দেন। নারুলী স্কুলমাঠে ওই সংবর্ধনায় উত্তরণ উচ্চবিদ্যালয়, উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরণ কেজি স্কুল, বগুড়া কলেজ, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বগুড়া সদর, বগুড়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি বগুড়া সদর, কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতিসহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, সামাজিক সংগঠন, ক্লাব ও ব্যক্তির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ নূরুল ইসলাম বলেন, ‘সদরের মানুষের কল্যাণে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। প্রতিহিংসা নয়, শান্তি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় নেতা-কর্মীদের কাজ করতে হবে। আমি কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। সংসদে গিয়ে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা সরকারের সামনে তুলে ধরব।’ এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।